২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেরেও চেলসির শেষ চারে ওঠার আনন্দ

কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে রাশিয়ার রুবিন কাজানের কাছে ৩-২ গোলে হেরে গেলেও দুই লেগ মিলে ৫-৪ ব্যবধানে এগিয়ে থাকায় ইউরোপা লিগের শেষ চারে উঠেছে চেলসি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 12 Apr 2013, 11:43 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

প্রথম লেগে ঘরের মাটিতে ৩-১ গোলে জিতেছিল গত মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়নরা।

তবে সেমিফাইনালে উঠতে ব্যর্থ ইংল্যান্ডের অন্য দুই দল টটেনহ্যাম হটস্পার ও নিউক্যাসল। সুইজারল্যান্ডের বাসেলের বিপক্ষে প্রথম লেগের মতো ফিরতি লেগেও ২-২ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হেরেছে টটেনহ্যাম।

নিউক্যাসলের মাঠে ১-১ গোলে ড্র করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পর্তুগালের বেনফিকা। প্রথম লেগে স্বাগতিক বেনফিকা জিতেছিল ৩-১ গোলে।

ইতালিতে লাৎসিও আর তুরস্কের ফেনারবাচের ফিরতি লেগও ১-১ গোলে ড্র হয়েছে। তবে প্রথম লেগ ২-০ গোলে জয় পাওয়ায় শেষ চারে উঠেছে ফেনারবাচে।

মস্কোর লুজনিকি অলিম্পিক কমপ্লেক্স স্টেডিয়ামে পঞ্চম মিনিটেই স্পেনের তারকা স্ট্রাইকার ফার্নান্দো তরেসের গোলে এগিয়ে যায় চেলসি। ৫১ মিনিটে ডিফেন্ডার আইভান মারকানো কাজানকে সমতায় ফেরালেও চার মিনিট পর নাইজেরিয়ান মিডফিল্ডার ভিক্টর মোজেসের লক্ষ্যভেদ আবার এগিয়ে দেয় অতিথিদের।

৬২ মিনিটে স্ট্রাইকার গোগদেনিস কারাদেনিজ ও ৭৫ মিনিটে মিডফিল্ডার বিরাস নাচোর সফল পেনাল্টি কাজানকে ৩-২ ব্যবধানে এগিয়ে দিয়ে স্বাগতিক-সমর্থকদের আশান্বিত করে তুলেছিল। তবে শেষ পর্যন্ত তাদের সেমিফাইনালে ওঠার আশা পূরণ হয়নি।