মোহামেডান ও শেখ রাসেলের জয়
বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও শেখ রাসেল ক্রীড়া চক্র। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডান ১-০ গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ও শেখ রাসেল ২-১ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়েছে।
১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শেখ রাসেল এখন লিগের শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা আবাহনী লিমিটেডের ২৯ পয়েন্ট।
একটি করে ম্যাচ বেশি খেলে ২৪ ও ১৬ পয়েন্ট নিয়ে মোহামেডান ও মুক্তিযোদ্ধার অবস্থান চতুর্থ ও ষষ্ঠ। ১৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে অবনমনের আশঙ্কায় আরামবাগ।
দিনের প্রথম ম্যাচে মোহামেডানের জয়ের নায়ক মেজবাবুল হক মানিক। ওসই মরিসনের ব্যাক পাস ধরে আলতো টোকায় একমাত্র গোলটি করেন তিনি। এই জয়ে প্রথম লেগে মুক্তিযোদ্ধার কাছে ৪-১ গোলে হারের প্রতিশোধ নিয়েছে মোহামেডান।
পরের ম্যাচে ১৭ মিনিটে মিঠুন চৌধুরীর ক্রস থেকে হাইতির স্ট্রাইকার সনি নর্দের প্লেসিং শট এগিয়ে দেয় শেখ রাসেলকে। ৩৭ মিনিটে স্ট্রাইকার জাহিদ হাসান এমিলির ভলি দ্বিগুণ করে ব্যবধান।
৫৬ মিনিটে আরামবাগের একমাত্র গোলদাতা মনিরুজ্জামান মামুন।
