হেরেও সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে গ্যালতাসারাইয়ের কাছে ৩-২ গোলে হেরে গেলেও ৫-৩ অগ্রগামিতায় শেষ চারে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ।
টুর্নামেন্টের রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়নদের দুটি গোলই দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। ১১ গোল নিয়ে আপাতত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও তিনি।
অন্য ম্যাচে শেষ মুহূর্তের বিতর্কিত গোলে মালাগাকে ৩-২ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে রিয়ালের সঙ্গী বরুসিয়া ডর্টমুন্ড। মালাগার মাঠে প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল।
রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাবাউয়ে প্রথম লেগ ৩-০ গোলে হেরে যাওয়ার পর গ্যালাতাসারাইয়ের কোচ ফাতিহ তেরিম বলেছিলেন, শেষ চারে যেতে হলে ফিরতি লেগে তাদের ‘অলৌকিক’ কিছু ঘটাতে হবে। নিজেদের মাঠে তেমন কিছু ঘটানোর দিকেই যাচ্ছিল তুরস্কের দলটি। কিন্তু তাদের হতাশ করেন রোনালদো।
ইস্তাম্বুলে স্যামি খেদিরার পাস থেকে সপ্তম মিনিটেই রোনালদোর গোল গ্যালাতাসারাইয়ের লক্ষ্য ভীষণ কঠিন করে তোলে।
দ্বিতীয়ার্ধের শুরুতে পোস্টের ঠিক সামনে থেকে রোনালদো অবিশ্বাস্য মিস না করলে খেলা তখনই শেষ হয়ে যায়। এরপরই খোলসের ভেতর ঢুকে যায় জোসে মরিনিয়োর দল। সুযোগে নিজেদের গুছিয়ে খেলার রাশ নিয়ে নেয় স্বাগতিকরা।
৫৭ মিনিটে ইমানুয়েল এবুয়ের জোরালো শটে সমতা ফেরায় গ্যালাতাসারাই। ৭০ মিনিটে ওয়েসলি স্নাইডারের চমৎকার গোলে এগিয়েও যায়।
দুই মিনিট পর দিদিয়ের দ্রগবার অসাধারণ ব্যাক হিলে ৩-১ গোলে এগিয়ে আরো উজ্জীবিত হয়ে ওঠে গ্যালতাসারাই।
তবে সেমিফাইনালে যাওয়ার জন্য আরো দুই গোল প্রয়োজন ছিল গ্যালতাসারাইয়ের। বাকি সময়ে রিয়ালের রক্ষণভাগের ওপর আক্রমণের ঢেউ বইয়ে দিলেও আর গোলের দেখা পায়নি তারা। বরং ইনজুরি সময়ে রোনালদোর দ্বিতীয় গোল রিয়ালকে পৌঁছে দেয় শেষ চারে। তার খানিকক্ষণ আগে আলভেরো আরবেলোয়ার দ্বিতীয় হলুদ কার্ড দশ জনের দলে পরিণত করে অতিথিদের।
অন্য ম্যাচে শেষ সময়ের বিতর্কিত গোল সেমিফাইনালে নিয়ে গেছে বরুসিয়াকে। ঘরের মাঠে ৯০ মিনিট পর্যন্ত ২-১ গোলে পিছিয়ে ছিল জার্মানির দলটি।
তবে ইনজুরি সময়ে মার্কো রিওস ও ফেলিপে সান্তানার দুই গোল প্রথম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাওয়া মালাগাকে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে দেয়।
যদিও টুর্নামেন্টের ১৯৯৭ সালের চ্যাম্পিয়ন বরুসিয়ার শেষ গোলটির সময় গোলদাতা সান্তানাসহ চার জন অফসাইড ছিলেন।
খেলা শেষে এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন মালাগার কোচ ম্যানুয়েল পেল্লেগ্রিনি। রিয়াল মাদ্রিদের সাবেক কোচ বলেন, “ওদের তৃতীয় গোলটি ছিল অফসাইড গোল।”
