২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ গেমস পেছাবে না

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় দিকনির্দেশনা পেতে বৃহস্পতিবার বাংলাদেশ গেমসের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসছে আয়োজক কমিটি। তবে প্রতিযোগিতা পেছানোর কোনো সম্ভাবনা নেই।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 04:02 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

আগামী ২০ এপ্রিল শুরু হয়ে ২৮ এপ্রিল শেষ হবে বাংলাদেশ গেমসের অষ্টম আসর। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ভারপ্রাপ্ত মহাসচিব আশিকুর রহমান মিকু জানান, “প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠেয় এই সভায় বাংলাদেশ গেমসের সার্বিক কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হবে।” এদিকে বিরোধী দলের ডাকা টানা হরতালের কারণে প্রতিযোগিতা পিছিয়ে দেয়ার গুঞ্জন শোনা গেলেও তা উড়িয়ে দিয়েছেন বিওএর সহ-সভাপতি হারুনুর রশিদ। তিনি বলেন, “বাংলাদেশ গেমস পেছানোর কোনো সুযোগ নেই। সামনে ঝড়-বৃষ্টির মৌসুম আসছে। এরপর পবিত্র রমজান মাস। নির্ধারিত সময়ে এই প্রতিযোগিতা আয়োজন করতে না পারলে এ বছর করা সম্ভব হবে না। প্রতিযোগিতা চলার সময় হরতালসহ কঠিন কোনো কর্মসূচী না দেয়ার জন্য রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ রাখা হবে।” প্রধানমন্ত্রীর সঙ্গে সভায় উপস্থিত থাকবেন বাংলাদেশ গেমসের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সাংগঠনিক কমিটির কো-চেয়ারম্যান ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, বিওএ’র সভাপতি সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, আশিকুর রহমান মিকুসহ উর্ধ্বতন কর্মকর্তারা।