২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তবু সতর্ক রিয়াল মাদ্রিদ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলের জয় পাওয়ায় রিয়াল মাদ্রিদের এখন নির্ভার থাকার কথা। তবে মঙ্গলবার ফিরতি লেগে তুরস্কের গ্যালাতাসারাইয়ের মাঠে নামার আগে জোসে মরিনিয়োর দল বেশ সতর্ক।

রয়টার্স

.

রয়টার্স

Published : 08 Apr 2013, 07:43 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

অন্য ম্যাচে স্পেনের মালাগাকে স্বাগত জানাবে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড। মালাগার মাঠে প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল। তুরস্কে যাওয়ার আগে রিয়ালের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো বলেন, “কঠিন লড়াই হবে। আমাদের সেমিফাইনাল এখনো নিশ্চিত হয়নি। তিন গোলে এগিয়ে থাকা অবশ্যই বড় কিছু। কিন্তু আমাদের সেখানে (গ্যালাতাসারাইয়ের মাঠে) ভালো খেলতে হবে।” প্রথম লেগ শেষে গ্যালাতাসারাইয়ের কোচ ফাতিহ তেরিম বলেছিলেন, শেষ চারে উঠতে তাদের অলৌকিক কিছুর প্রয়োজন। গত মৌসুমে চেলসির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম রূপকার দিদিয়ের দ্রগবা এবং কুশলী মিডফিল্ডার ওয়েসলি স্নাইডারের সৌজন্যে ‘অলৌকিক’-এর জন্ম দেয়ার স্বপ্ন দেখতেই পারে তারা।