২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ গেমস নিয়ে উৎকণ্ঠা

রাজনৈতিক অস্থিরতার কারণে ক্রীড়াবিদদের প্রস্তুতি ঠিক মতো হচ্ছে না। তাই আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ গেমসের পরিধি ছোট করার চিন্তা-ভাবনা করছে প্রতিযোগিতার আয়োজক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 07:11 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

বাংলাদেশ গেমসের টেকনিক্যাল কমিটির সদস্য সচিব ও উইং কমান্ডার রফিকুল ইসলাম বলেন, “রাজনৈতিক অস্থিরতাকে এত দিন তেমন জটিল বলে মনে হয়নি। কিন্তু রোববার সন্ধ্যায় হরতালের কর্মসূচী ঘোষণা সবার উৎকণ্ঠা বাড়িয়ে দিয়েছে।” প্রস্তুতি নিয়ে অনেক প্রতিযোগী দুশ্চিন্তায়। লন্ডন অলিম্পিকে অংশ নেয়া পাঁচ জনের মধ্যে সাইক সিজার ছাড়া বাকিরা গেমসে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে সাঁতারু মাহফিজুর রহমান সাগর বলেন, “প্রচণ্ড ঠাণ্ডার কারনে এসএ গেমসের প্রাক-প্রস্তুতি গত ডিসেম্বরে বন্ধ হয়ে যায়। মার্চের প্রথম সপ্তাহে শুরু হয় বাংলাদেশ গেমসের প্রস্তুতি। গেমস আদৌ হবে কিনা তা নিয়ে খানিকটা সংশয় ছিল। নইলে প্রস্তুতি আরো আগে শুরু হত।” আর্চার ইমদাদুল হক মিলনের কণ্ঠেও প্রস্তুতি নিয়ে আক্ষেপ। আনসারের এই ক্রীড়াবিদ বলেন, “অলিম্পিকের পর ৫ মাস বসেই কেটেছে। মাঝে ইসলামিক সলিডারিটি গেমসের জন্য ক্যাম্প শুরু হয়েছিল। বাংলাদেশ গেমসের জন্য তা বন্ধ হয়ে যায়। ১৭ মার্চ আবার শুরু হয় প্রস্তুতি। এখনো ফিটনেস পুরোপুরি ফিরে পাইনি। আশা করি গেমসের আগে ফিরে পাব।” পায়ের চোট কাটিয়ে সেরে উঠেছেন দেশের দ্রুততম মানব মোহন খান। সেনাবাহিনীর এই অ্যাথলেট বাংলাদেশ গেমসেও শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চান। তিনি বলেন, “মাথায় এখন শুধু সেনাবাহিনীর ট্রায়াল নিয়ে ভাবনা। চেষ্টা করব নিজের সেরাটা ঢেলে দেয়ার। তবে সেনাবাহিনী এখনো ১০০ মিটার স্প্রিন্টের জন্য কাউকে মনোনীত করেনি।” অলিম্পিকে দেশের পতাকা বহন করা শূটার শারমিন আক্তার রত্না এখন এইচএসসি পরীক্ষা নিয়ে ব্যস্ত। জাতীয় শূটিং দলের কোচ শোয়েবুজ্জামান জানিয়েছেন, “পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকলেও বাংলাদেশ গেমসে অবশ্যই অংশ নেবে রত্না।”