তৃতীয় স্থানে চেলসি
ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি ও আর্সেনাল জিতলেও ড্র করেছে লিভারপুল।
ঘরের মাঠে চেলসি ২-১ গোলে সান্ডারল্যান্ডকে হারিয়েছে। একই ব্যবধানে জিতে ওয়েস্ট ব্রমউইচের মাঠ থেকে ফিরেছে আর্সেনাল। আর ওয়েস্টহ্যামের সঙ্গে গোলশুন্য ড্র করেছে স্বাগতিক লিভারপুল।
৩১ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে চেলসি। ৫৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আর্সেনাল। ৩২ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে লিভারপুলের অবস্থান সপ্তম।
৩০টি করে ম্যাচ খেলে শীর্ষে ও দ্বিতীয় স্থানে আছে দুই প্রতিবেশী ম্যানচেস্টার ইউনাইটেড (৭৭ পয়েন্ট) ও ম্যানচেস্টার সিটি (৬২)।
স্ট্যামফোর্ড ব্রিজে বিরতির ঠিক আগে ডিফেন্ডার সিজার অ্যাজপিলিকুয়েতার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে চেলসি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে সান্ডারল্যান্ডও নিজেদের জালে বল জড়ালে সমতায় ফেরে স্বাগতিকরা।
৫৫ মিনিটে চেলসির জয়সূচক গোলদাতা ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচ।
ওয়েস্ট ব্রমউইচের মাঠে আর্সেনালের জয়ের নায়ক টমাস রসিচকি। দলের দুটি গোলই চেক প্রজাতন্ত্রের এই মিডফিল্ডারের। ৭০ মিনিটে জার্মান মিডফিল্ডার পার মার্টেস্যাকার লাল কার্ড পেলেও জয় পেতে সমস্যা হয়নি আর্সেনালের।
