২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলফাজের আবেগঘন বিদায়

জাতীয় দলের জার্সি তুলে রেখেছিলেন বছর পাঁচেক আগে। রোববার ঘরোয়া ফুটবলকেও আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন এক সময়ের সাড়া জাগানো ফুটবলার আলফাজ আহমেদ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 04:33 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

মোহামেডানের হয়ে আবাহনীর বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচে আলফাজ খেলেছেন ১৯ মিনিট। দেশের এক সময়ের সেরা স্ট্রাইকারকে ফুল দিয়ে বিদায় জানায় তার ক্লাব মোহামেডান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সহ বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠান।

প্রিয় ক্লাব মোহামেডানের হয়ে অবসর নেয়ার স্বপ্ন ছিল আলফাজের। মোহামেডান সেই স্বপ্ন পুরণের সুযোগ করে দিয়ে তার হাতে তুলে দেয় অধিনায়কের আর্মব্যান্ড।

বর্ণাঢ্য ফুটবল-জীবনে কোনো অতৃপ্তি নেই আলফাজের। বিদায় বেলায় তিনি বলেন, “মোহামেডানের প্রতি আমি কৃতজ্ঞ। তারা আমাকে প্রিয় ক্লাবের হয়ে বিদায় নেয়ার সুযোগ করে দিয়েছে। মোহামেডান আমাকে অনেক দিয়েছে। এ ক্লাবে খেলেই আমি আলফাজ হয়েছি। এখন আমি কোচিংয়ে মনযোগ দিতে চাই। মোহামেডান চাইলে আমি এখানেই কাজ করব।”

আলফাজ আরো বলেন, ‘ভালো খেলোয়াড় হওয়ার জন্য পরিশ্রমের বিকল্প নেই। আমি চাই বাংলাদেশের ফুটবল আগের মতো জেগে উঠুক।”

অবসরের পর গাজীপুরের প্লেজ হারবার অ্যাকাডেমিতে টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে যোগ দিতে যাচ্ছেন আলফাজ। এরই মধ্যে তার কোচিংয়ে মোহামেডান মহিলা ফুটবল লিগে রানার্সআপ হয়েছে।

১৯৮৩ সালে এরশাদ কাপ কিশোর ফুটবল টুর্নামেন্টে ব্রাহ্মণবাড়িয়ার হয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেক আলফাজের। এরপর ১৯৮৭ সালে পাইওনিয়ার লিগ, ১৯৮৮ সালে দ্বিতীয় বিভাগ লিগ ও ১৯৮৯ সালে প্রথম বিভাগ লিগে খেলেন তিনি।

ঢাকার ফুটবলে প্রায় সব বড় ক্লাবেই খেলেছেন আলফাজ। সবচেয়ে বেশি সময় ছিলেন মোহামেডানে, ১৯৯৫ থেকে ২০০১ সাল পর্যন্ত।

১৯৯৬ সালের অগাস্টে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) মাস-সেরা ফুটবলার হয়েছিলেন আলফাজ।

বাংলাদেশের ফুটবলের বেশ কিছু গৌরবজনক অধ্যায়ের সঙ্গে তার নাম জড়িয়ে আছে। ১৯৯৯ কাঠমান্ডু সাফ গেমসে আলফাজের গোলেই নেপালকে হারিয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সেরা প্রতিযোগিতাটির ফুটবলে প্রথম সোনা জিতেছিল।

১৯৯৫ সালে মিয়ানমারে অনুষ্ঠিত গ্র্যান্ড রয়েল চ্যালেঞ্জ কাপ এবং ২০০৩ সালে ঢাকায় সাফ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলেও ছিলেন তিনি।