২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলফাজের অবসর

বর্ণাঢ্য ফুটবল-জীবনের সমাপ্তি টানতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের স্ট্রাইকার আলফাজ আহমেদ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2013, 06:06 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

রোববার বাংলাদেশ প্রিমিয়ার লিগে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের বিপক্ষে শেষ বারের মতো প্রতিযোগিতামূলক ফুটবলে মাঠে নামবেন তিনি।

প্রিয় ক্লাব মোহামেডানের সাদা-কালো জার্সি পরে ফুটবলকে বিদায় জানানোর স্বপ্ন ছিল আলফাজের। সেই স্বপ্ন পূরণ হওয়ায় তিনি খুশি।

এ প্রসঙ্গে আলফাজ বলেন, “আবাহনী-মোহামেডান ম্যাচ দিয়ে অবসর নেয়া গর্বের ব্যাপার। মোহামেডান আমাকে সে সুযোগ করে দেয়ায় কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই মৌসুমে আমি নিজের খেলার চেয়ে কোচিংয়ের দিকে বেশি মনোযোগ দিয়েছি। খেলা ছাড়ার পর কোচিংয়ে সাফল্য পাওয়ার চেষ্টা করব।”

১৯৮৩ সালে এরশাদ কাপ কিশোর ফুটবলে ব্রাহ্মণবাড়িয়ার হয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে যাত্রা শুরু আলফাজের। ঢাকার ক্লাব ফুটবল শুরু করেন ১৯৮৭ সালে পাইওনিয়ার লিগে ওরিয়েন্ট স্পোর্টসের হয়ে।

১৯৮৮ সালে দ্বিতীয় বিভাগের দল লালবাগ স্পোর্টস এবং পরের বছর প্রথম বিভাগে অভিষেক হয় রহমতগঞ্জ এমএফএসের হয়ে।

দেশের প্রায় সব বড় ক্লাবেই খেলেছেন আলফাজ। রহমতগঞ্জ, আরামবাগ, মোহামেডান, মুক্তিযোদ্ধা, ব্রাদার্স, শেখ রাসেলে খেলার পর আবাহনীতে যোগ দেন ২০১০ সালে।

তবে তার ফুটবল-জীবনের শ্রেষ্ঠ সময় কেটেছে মোহামেডানে। ঐতিহ্যবাহী ক্লাবটিতে ১৯৯৫ থেকে ২০০১ সাল পর্যন্ত খেলেন তিনি।

১৯৯৬ সালের অগাস্টে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) মাস-সেরা ফুটবলার হয়েছিলেন আলফাজ।