২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার থেকে আবার ফুটবল লিগ

প্রায় দেড় মাস বিরতির পর শনিবার থেকে আবার শুরু হচ্ছে গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে সদ্য স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র ও ব্রাদার্স ইউনিয়ন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 04:28 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

নেপালে অনুষ্ঠিত এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্ব ও স্বাধীনতা কাপের জন্য লিগ বন্ধ ছিল। ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে আবাহনী লিমিটেড। এক ম্যাচ কম খেলে ২৬ পয়েন্ট নিয়ে শেখ রাসেলের অবস্থান দ্বিতীয়। গত মঙ্গলবার স্বাধীনতা কাপের শিরোপা জিতে শেখ রাসেলের খেলোয়াড়রা এখন বেশ হালকা মেজাজে। তবে দলের কোচ মারুফুল হক নির্ভার নন। তিনি বলেন, “লিগ শিরোপা জিততে হলে শেষ চার ম্যাচে আমাদের জিততেই হবে। এই ম্যাচগুলোতে খেলোয়াড়দের শতভাগ উজাড় করে দিতে হবে। তাহলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব।” ব্রাদার্সের পর শেখ রাসেলের বাকি তিন ম্যাচ ফেনী সকার ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে। শেখ জামাল ছাড়া অন্য তিন প্রতিপক্ষ তেমন শক্তিশালী নয়। তবে মারুফ এ নিয়ে কোনো রকম আত্মপ্রসাদে ভুগতে রাজি নন। তিনি বলেন, “কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেয়া যাবে না। তা হলে হোঁচট খাওয়ার শঙ্কা জাগতে পারে।”