ফিরলেন রোনালদিনিয়ো-পাতো
দুই ম্যাচ বাইরে থাকার পর আবার জাতীয় দলে ফিরেছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড রোনালদিনিয়ো। প্রায় ৯ মাস পর ফিরেছেন স্ট্রাইকার আলেসান্দ্রো পাতোও।
আগামী শনিবার বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য এই দুজনকে রেখে ১৮ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ লুই ফেলিপে স্কলারি।
গত অগাস্টে সুইডেনের বিপক্ষে সর্বশেষ ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছিলেন পাতো। ঐ ম্যাচে তার জোড়া গোলের সুবাদে ৩-০ ব্যবধানে জিতেছিল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
আর রোনালদিনিয়ো সর্বশেষ খেলেন গত ফেব্রুয়ারিতে। লন্ডনের ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে একেবারেই নিষ্প্রভ ছিলেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক। রোনালদিনিয়ো পেনাল্টি মিস করেন, ব্রাজিলও হেরে যায় ২-১ গোলে।
গত মাসে ইতালি ও রাশিয়ার বিপক্ষে দুটো ম্যাচে রোনালদিনিয়োর বদলে তাই কাকাকে দলে নিয়েছিলেন ‘বিগ ফিল’ নামে পরিচিত স্কলারি। কিন্তু রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ডও জ্বলে উঠতে পারেননি। দুটি ম্যাচই ড্র করে ব্রাজিল।
তবে বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি ফিফা নির্ধারিত সূচীর বাইরে হওয়ায় শুধু ঘরোয়া লিগের ফুটবলারদের পাচ্ছে ব্রাজিল।
গত মাসে দক্ষিণ আমেরিকার সেরা ক্লাব টুর্নামেন্ট লিবার্তোদোরেস কাপের একটি ম্যাচে আতশবাজি দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির পরিবারকে সাহায্যের জন্য বলিভিয়ায় ম্যাচটি হবে।
ব্রাজিলের ১৮ সদস্যের দল:
গোলরক্ষক: ম্যাথিউস ভিদোত্তো, জেফারসন।
ডিফেন্ডার: ডগলাস সান্তোস, আন্দ্রে সান্তোস, রেভার, দোরিয়া, দেদে।
মিডফিল্ডার: জন, অরোওকা, রাল্ফ, পলিনিয়ো, জাডসন।
স্ট্রাইকার: নেইমার, লিয়ান্দ্রো দামিয়াও, লিয়ান্দ্রো, রোনালদিনিয়ো, আলেসান্দ্রো পাতো ও অসভাল্দো।
