২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার হোঁচট, বায়ার্নের জয়

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াইয়ের প্রথম লেগে মঙ্গলবার প্যারিস সেন্ট জার্মেই বা পিএসজি’র সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা। দিনের অন্য খেলায় জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ।

রয়টার্স

.

রয়টার্স

Published : 03 Apr 2013, 05:07 AM

Updated : 25 Apr 2022, 06:33 PM

টানা ষষ্ঠ কোয়ার্টার ফাইনালে খেলা বার্সা ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ার স্বপ্ন দেখছিল। কিন্তু ব্লাসি মাতুইদির ৯৪ মিনিটের গোলে হতাশা নিয়ে ফিরতে হয় তাদের।

সব ধরনের প্রতিযোগিতায় নিজেদের মাঠে গত ১৭ নভেম্বর থেকে অপরাজিত পিএসজি শুরুতে ভীষণ চাপ সৃষ্টি করে অতিথিদের ওপর। এ সময় হ্যাভিয়ের পাস্তর ও ইজিকুইয়েল লাভেজ্জি বেশ ক’বার ভীতি ছড়ান বার্সা শিবিরে।

শুরুতে তেমন কোনো আক্রমণ গড়ে তোলতে না পারলেও ২০০৯ ও ২০১১ সালের চ্যাম্পিয়নরা ৩৮ মিনিটে এগিয়ে যায় দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির গোলে।

গোলের স্থপতি দানি আলভেজ। কর্ণার থেকে বল পেয়ে অসাধারণ এক পাস বাড়ান মেসির উদ্দেশে। টানা চারবারের বিশ্ব সেরা ফুটবলারের স্বাগতিকদের জাল খোঁজে পেতে কোনো সমস্যা হয় নি।

হ্যামস্ট্রিং চোটের কারণে দ্বিতীয়ার্ধে মেসি আর মাঠেন নি। তার বদলে সেস ফ্যাব্রেগাসকে নামান বার্সা কোচ টিটো ভিলানোভা।

৭৯ মিনিটে পিএসজির সমতা ফেরানো গোলটি বিতর্কিত। বারে লেগে ফেরা বল থেকে গোল করা জ্লাতান ইব্রাহিমোভিচসহ স্বাগতিকদের দুজন পরিস্কার অফসাইড ছিলেন।

জাভির পেনাল্টি গোলে দ্বিতীয়বার এগিয়ে যায় অতিথিরা। আলেক্সি সানচেজকে বক্সে পিএসজি গোলরক্ষক সালভাতর সিরিগু ফেলে দিলে ৮৯ মিনিটে পেনাল্টি পায় বার্সা।

খেলার একেবারে শেষ সময়ে মাতুইদির দুরপাল্লার জোরালো শট ভিক্টর ভালদেজের হাত ফস্কে জালে জড়ালে দ্বিতীয়বার সমতা ফেরায় পিএসজি।

ম্যাচ শেষে বার্সার সহকারী কোচ জর্ডি রৌরা বলেন, “রেফারি (জামার্নির ওলফগ্যাং স্টার্ক) বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছেন।”

মেসি ও হ্যাভিয়ের মাসচেরানোর চোটের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “এটা ভালো ফলাফল, কিন্তু এর জন্য অনেক চড়া মূল্য দিতে হয়েছে।”

৮৪ মিনিটে হাঁটুর লিগমেন্টে চোট পাওয়ায় ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মাসচেরানোকে। এই ম্যাচে হলুদ কার্ড দেখায় দ্বিতীয় লেগে খেলার সুযোগও ছিল না তার।

নিউ ক্যাম্পে ১০ এপ্রিল দ্বিতীয় লেগে মিডফিল্ডার মাতুইদিকে পাবে না পিএসজি। কার্ড সমস্যায় সেই ম্যাচে দর্শক সারিতে থাকতে হবে তাকে।

ডেভিড ব্যাকহাম ইংল্যান্ডের প্রথম ফুটবলার হিসেবে চারটি ভিন্ন ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার কৃতিত্ব দেখান পিএসজির হয়ে মাঠে নেমে।

শেষ আটের অন্য ম্যাচে নিজেদের মাঠে জুভেন্টাসকে হারাতে মোটেও বেগ পেতে হয় নি বায়ার্নকে। আন্দ্রে পিরলো ও জিয়ানলুইজির বিরল বাজে দিনে ৩০ সেকেন্ডের ভেতর ডেভিড আলবার গোলে এগিয়ে যায় বায়ার্ন।

একগাদা সুযোগ হাতছাড়া করলেও গত তিন বছরে ইউরোপিয় প্রতিযোগিতায় ১৮ ম্যাচ ধরে অপরাজিত জুভেন্টাসের হার নিশ্চিত করে ৬৩ মিনিটে টমাস মুলারের দ্বিতীয় গোলটি।