২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার সামনে নতুন চেহারার পিএসজি

মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনাকে স্বাগত জানাবে নতুন চেহারায় আবির্ভূত প্যারিস সেইন্ট জার্মেই বা পিএসজি। অন্য ম্যাচে জুভেন্টাসকে আতিথেয়তা দেবে গতবারের রানার্সআপ বায়ার্ন মিউনিখ।

রয়টার্স

.

রয়টার্স

Published : 02 Apr 2013, 04:09 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

দুটি খেলাই শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়।

টানা চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসির অনন্য নৈপুণ্যে গত ৭ বছরে তিন বার (সব মিলিয়ে চার বার) ইউরোপ সেরার কৃতিত্ব গড়া বার্সেলোনা এবারো আছে শিরোপার কক্ষপথে।

দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে এসি মিলানের কাছে ২-০ গোলে হেরে গেলেও ফিরতি লেগে মেসির দুই গোলের সুবাদে ৪-০তে জিতে শেষ আটে উঠেছে তারা।

স্প্যানিশ লা লিগাতেও দারুণ অবস্থায় মেসি ও তার সতীর্থরা। ২৯ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শিরোপা পুনরুদ্ধার প্রায় নিশ্চিত বার্সার। কারণ দ্বিতীয় স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ তাদের চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে।

তবে ঘরের মাঠে বার্সেলোনার ‘তিকি তাকা’ ফুটবলের বিপক্ষে কঠিন প্রতিরোধ গড়ে তুলতে পারে পিএসজি। মৌসুমের শুরুতে সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ ও কয়েক দিন আগে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যামকে দলে নিয়ে পিএসজি এখন অনেক আত্মবিশ্বাসী।

ফরাসী লিগেও সেই আত্মবিশ্বাসের সুস্পষ্ট প্রতিফলন। ৩০ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে পিএসজির অবস্থান সবার ওপরে। দ্বিতীয় স্থানে থাকা মার্সেইয়ের পয়েন্ট ৫৪।

চ্যাম্পিয়ন্স লিগেও অনেক দূর যাওয়ার ব্যাপারে আশাবাদী বেকহ্যাম। তিনি বলেন, “এই দলের(পিএসজি) লক্ষ্য অনেক বড়। আমাদের দলে বেশ কয়েক জন ভালো খেলোয়াড় আছে। আমাদের মানসিকতাও ইতিবাচক। এখন মাঠে নেমে সব কিছু প্রমাণ করতে হবে।”

জুভেন্টাস প্রতিশোধের স্বপ্ন নিয়ে জার্মানি যাচ্ছে। ২০০৯ সালের ৮ ডিসেম্বর, গ্রুপ পর্বের ফিরতি লেগে ঘরের মাঠে বায়ার্নের কাছে ৪-১ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছিল তারা।

স্বদেশের লিগে দুই দলের অবস্থানও কঠিন লড়াইয়ের আভাস দিচ্ছে।

২৭ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বায়ার্নের জার্মান বুন্দেসলিগার শিরোপা পুনরুদ্ধার প্রায় নিশ্চিত।
কারণ গত দুই বারের চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ড দ্বিতীয় স্থানে থাকলেও ২০ পয়েন্ট পিছিয়ে আছে তাদের চেয়ে।

অন্যদিকে ইতালিয়ান সেরি-আ’য় ৩১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শিরোপা ধরে রাখার পথে জুভেন্টাস। তাদের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে নাপোলি।