সোমবার থেকে স্বাধীনতা দিবস হকি
গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এবং রানার্সআপ ঊষা ক্রীড়া চক্রকে ছাড়াই সোমবার থেকে শুরু হচ্ছে স্বাধীনতা দিবস হকি টুর্নামেন্ট।
২০১১ সালের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডও অংশ নিচ্ছে না এই প্রতিযোগিতায়।
পাঁচটি দলের এই প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ।
অন্য তিনটি দল হল বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও প্লেয়ার্স ফ্যাশন। শেষোক্ত দলটি গড়া হয়েছে জাতীয় দলের কয়েক জন খেলোয়াড়কে নিয়ে।
দেশের তিন সেরা ক্লাবের না থাকা প্রসঙ্গে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানান, “আমরা তাদের চিঠি দিয়েছিলাম। কিন্তু কোনো দলই এই প্রতিযোগিতায় অংশ নেয়ার আগ্রহ দেখায়নি।”
