২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা কাপের ফাইনালে শেখ জামাল

স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে উঠেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে তারা ১-০ গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে হারিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 02:50 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

একমাত্র গোলটি ছিল আত্মঘাতী। ৭৪ মিনিটে শেখ জামালের মিডফিল্ডার আলমগীর রানার ক্রস মোহামেডানের গোলরক্ষক মামুন খানের হাত ফস্কে বেরিয়ে গেলে হেড করেন নাইজেরীয় স্ট্রাইকার আলফ্রেড। বল মোহামেডানের ক্যামেরুনের ডিফেন্ডার বাইবেকের মাথায় লেগে দিক বদলে চলে যায় জালে।

এই গোলটির আগ পর্যন্ত কোনো দলই তেমন সুযোগ তৈরি করতে পারেনি। শেখ জামাল দু-একটি সুযোগ পেলেও তা থেকে সাফল্য পায়নি।

অন্যদিকে মোহামেডান ছিল একেবারে নিষ্প্রভ। শুরু থেকে শেষ পর্যন্ত গোল করার মতো একটিও সুযোগ তৈরি করতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবলও মোহামেডানের হারের অন্যতম কারণ। খেলা শেষে মোহামেডানের কোচ সাইফুল বারী টিটু হতাশ কণ্ঠে বলেন, “দল হারলে তার ব্যর্থতা কোচের কাঁধেই বর্তায়। দলকে ফাইনালে তুলতে পারিনি। এই দায় নিজের কাঁধেই তুলে নিচ্ছি। অনভিজ্ঞতার কারণে আমরা হেরেছি।” শেখ জামালের নাইজেরীয় কোচ জোসেফ আফুসি স্বাভাবিকভাবেই দারুণ খুশি। তিনি বলেন, “মোহামেডানের মতো বড় দলের বিপক্ষে জেতা সহজ নয়। জিততে পেরেছি বলে খুব ভালো লাগছে। সেজন্য দলের সব খেলোয়াড় প্রশংসার দাবিদার। তারাই আমাদের জয় এনে দিয়েছে।”