২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হতাশ বাফুফে সভাপতি সালাউদ্দিন

বাংলাদেশ এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ না পাওয়ায় কাজী সালাউদ্দিন ভীষণ হতাশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 02:03 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি বলেন, “চূড়ান্ত পর্বে খেলার আশা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ বাদ পড়ায় খুবই হতাশ হয়েছি। আসলে গত দুই বছর ধরে সভাপতি না থাকায় এএফসি অগোছালো অবস্থায় আছে। সাংগঠনিক দুর্বলতার কারণে এমন সব অদ্ভূত ঘটনা ঘটছে।”

গত ২৭ মার্চ ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশের চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে ওঠার বিষয়টি নিশ্চিত করে এএফসি। কিন্তু পর দিনই তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত সব রিপোর্ট মুছে ফেলা হয়। এরপর এএফসি বাফুফেকে চিঠি দিয়ে জানিয়ে দেয়, বাংলাদেশ চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাচ্ছে না।

চিঠিতে তারা জানায়, বাইলজের ১৬.১-এর ২ নং অনুচ্ছেদ অনুযায়ী ব্রুনেই বাছাই পর্ব থেকে সরে দাঁড়ানোয় প্রতিটি গ্রুপের চতুর্থ অর্থাৎ সবচেয়ে নিচে থাকা দলের সঙ্গে বাকি দলগুলোর পয়েন্ট বাদ দেয়া হয়েছে। ‘ডি’ গ্রুপের চতুর্থ দল উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জকে ৪-০ গোলে হারানো বাংলাদেশের পয়েন্ট ছিল ৬। কিন্তু এই ফলাফল বাতিল হয়ে যাওয়ায় বাংলাদেশের চূড়ান্ত পর্বে ওঠার সৌভাগ্য হয়নি। এএফসি আরো জানায়, তাদের ওয়েবসাইটের রিপোর্টগুলো চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে হয় না। চূড়ান্ত সিদ্ধান্ত তারা চিঠির মাধ্যমে সদস্য দেশগুলোকে জানিয়ে দেয়। এএফসি’র চিঠি পেয়ে স্তম্ভিত বাফুফে কর্তৃপক্ষ জানিয়েছিল, এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আপিল করবে। কিন্তু শনিবার সালাউদ্দিন জানালেন অন্য কথা। তিনি বলেন, “আপিল করে কোনো লাভ হবে না। তবে আমরা এএফসির কাছে চিঠি দিয়ে এ ব্যাপারে ব্যাখ্যা চাইব।” এ প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, “আমরা সব তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। সব কিছু এক করে আমরা এএফসির সাধারণ সম্পাদক অ্যালেক্স সুসের কাছে পাঠাবো। তার কাছে কেন এমন হল তা জানতে চাইব।”