২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একই দিনে বার্সা-রিয়ালের হোঁচট

স্প্যানিশ লা লিগার শিরোপা পুনরুদ্ধারের পথে এগিয়ে চলা বার্সেলোনা ২-২ গোলের ড্র নিয়ে ফিরেছে সেল্টা ভিগোর মাঠ থেকে। জিততে পারেনি রিয়াল মাদ্রিদও। রিয়াল জারাগোজা সফরে ১-১ গোলে ড্র করেছে গতবারের চ্যাম্পিয়নরা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 30 Mar 2013, 07:39 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

সেল্টার বিপক্ষে ৩৮ মিনিটে নাতজো ইনসার গোলে পিছিয়ে পড়লেও ৫ মিনিট পরই লিওনেল মেসির পাস থেকে বার্সাকে সমতায় ফেরান ক্রিস্টিয়ান তেল্লো।

৭৩ মিনিটে মেসির গোলে এগিয়েও যায় বার্সা। লা লিগায় আর্জেন্টাইন তারকার এটি টানা ১৯ ম্যাচে গোল। অর্থাৎ সব প্রতিপক্ষের সঙ্গে একটানা লক্ষ্যভেদের অনন্য কৃতিত্ব দেখালেন টানা চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলার। ৪৩ গোল নিয়ে মেসির সর্বোচ্চ গোলদাতার আসনও সুসংহত।

তবে মেসির আরেকটি অর্জনের দিনে হাসি মুখে খেলা শেষ করতে পারেনি বার্সা। ৮৮ মিনিটে বোর্হা উবিনার গোল মূল্যবান একটি পয়েন্ট এনে দেয় সেল্টাকে।

জারাগোজার রোমারেদা স্টেডিয়ামে রিয়ালও পিছিয়ে পড়েছিল প্রথমে, ষষ্ঠ মিনিটে রদ্রিগো লোজানোর গোলে। ৩৮ মিনিটে সমতা নিয়ে আসেন ক্রিস্টিয়ানো রোনালদো। লিগে এটা তার ২৮তম গোল।

ড্র করায় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর পয়েন্টের ব্যবধানে হেরফের হয়নি। ২৯ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে বার্সার শীর্ষস্থান অক্ষুন্ন। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে তৃতীয় স্থানে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৬০।