২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ চারে শেখ রাসেল, আবাহনীর বিদায়

আবাহনী লিমিটেডকে ১-০ গোলে হারিয়ে স্বাধীনতা কাপ ফুটবলের সেমিফাইনাল নিশ্চিত করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। আর আবাহনী বিদায় নিয়েছে প্রতিযোগিতা থেকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2013, 01:56 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে শেখ রাসেল। ৬ পয়েন্ট সংগ্রহ করা আবাহনীর অবস্থান দ্বিতীয়। দুটো সেমিফাইনালই হবে রোববার।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর ৬৬ মিনিটে এগিয়ে যায় শেখ রাসেল। মিডফিল্ডার মামুনুল ইসলামের দুর্দান্ত কর্নার আবাহনীর গোলরক্ষক শহীদুল আলম সোহেলকে বোকা বানিয়ে সরাসরি চলে যায় জালে।

৭৫ মিনিটে হাইতির স্ট্রাইকার সনি নর্দের শট সোহেল ঠেকিয়ে দিলে ব্যবধান বাড়েনি।

পুরো ম্যাচে আবাহনী একটিই সুযোগ পেয়েছে। সপ্তম মিনিটে স্ট্রাইকার শাখাওয়াত হোসেন রনির ব্যাক পাস থেকে ঘানার মিডফিল্ডার আইডু ইব্রাহিমের শট ফিরিয়ে দেন শেখ রাসেলের গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য্য।

এছাড়া আবাহনী তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। বেশির ভাগ সময় তাদের রক্ষণভাগ প্রতিপক্ষের আক্রমণ সামলাতে ব্যস্ত ছিল।