স্বাধীনতা কাপের সেমিফাইনালে মুক্তিযোদ্ধা
স্বাধীনতা কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। শুক্রবার বিজেএমসির সঙ্গে ১-১ গোলে ড্র করায় তাদের শেষ চার নিশ্চিত হয়ে গেছে।
‘সি’ গ্রুপের খেলা শেষে দু দলেরই ৫ পয়েন্ট। তবে গোল গড়ে বিজেএমসির (+২) চেয়ে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মুক্তিযোদ্ধা (+৩)।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা এগিয়ে যায় ১২ মিনিটের সময়। নাইজেরীয় স্ট্রাইকার ডার্লিংটনের ক্রস রোকনুজ্জামান কাঞ্চনের পা ঘুরে মোহাম্মদ ইউসুফের কাছে এলে আলতো টোকায় লক্ষ্যভেদ করেন এই স্ট্রাইকার (১-০)।
৭৮ মিনিটে মুক্তিযোদ্ধার নাইজেরীয় ডিফেন্ডার এলিটা বেঞ্জামিন বিজেএমসির মিডফিল্ডার আব্দুল্লাহ পারভেজকে বক্সের মধ্যে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সুযোগটা কাজে লাগিয়ে সমতা নিয়ে আসেন গিনির স্ট্রাইকার ইসমাইল বানগুরা।
শেষ মুহূর্তে ডার্লিংটনের ক্রস থেকে ইউসুফের শট ক্রস বারে লেগে ফিরে এলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় মুক্তিযোদ্ধাকে।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড সেরা রানার্সআপ হিসাবে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে।
