দেশের বাইরে যেতে পারবেন পিস্টোরিয়াস
আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে দক্ষিণ আফ্রিকার পা বিহীন দৌড়বিদ অস্কার পিস্টোরিয়াস দেশের বাইরে যেতে পারবেন।
বৃহস্পতিবার প্রিটোরিয়া আদালতের একজন বিচারক জামিনের পূর্বের শর্ত সংশোধন করে এ রায় দেন।
তবে দেশ ছাড়ার অন্তত ৭ দিন আগে প্রিটোরিয়া আদালতকে অবশ্যই বিস্তারিত জানাতে হবে ‘ব্লেড রানার’ নামে পরিচিত পিস্টোরিয়াসকে। এবং দেশে ফেরার ২৪ ঘন্টার মধ্যে আদালতকে পাসপোর্ট জমা দিতে হবে।
তার আইনজীবি ব্যারি রোক্স অবশ্য জানিয়েছেন, আপাতত কোনো প্রতিযোগিতায় অংশ নেয়ার পরিকল্পনা নেই প্যারালিম্পিকে ৬টি সোনাজয়ী এবং লন্ডন অলিম্পিকে অংশ নেয়া পিস্টোরিয়াসের।
গত ১৪ ফেব্রুয়ারি বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হন পিস্টোরিয়াস। যদিও তিনি দাবি করেন, বাড়িতে দুর্বৃত্ত প্রবেশের কথা ভেবে গুলি চালিয়েছিলেন।
জামিনে মুক্তি পেলেও তার দেশ ছাড়ার ওপরে নিষেধাজ্ঞাসহ বেশ কয়েকটি শর্ত জুড়ে দেয়া হয়েছিল।
