২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি চ্যালেঞ্জ কাপে বাংলাদেশ নেই!

আগের দিনও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) তাদের ওয়েবসাইটের মাধ্যমে নিশ্চিত করেছিল, বাছাই পর্বের দ্বিতীয় সেরা রানার্সআপ হিসাবে এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ খেলবে। কিন্তু বৃহস্পতিবার হঠাৎ তারা জানিয়েছে, বাংলাদেশ নয়, লাওস খেলবে চূড়ান্ত পর্বে!

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 01:10 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

বৃহস্পতিবার এএফসির ওয়েবসাইটের রিপোর্টগুলোতে বাংলাদেশের চূড়ান্ত পর্বে ওঠা সংক্রান্ত লেখাগুলো মুছে ফেলা হয়। পরে বাংলাদেশের চূড়ান্ত পর্বে না যাওয়ার বিষয়টি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় এএফসি।


চিঠিতে এএফসি উল্লেখ করে, বাইলজের ১৬.১-এর ২ নং অনুচ্ছেদ অনুযায়ী ব্রুনেই বাছাই পর্ব থেকে সরে দাঁড়ানোয় প্রতিটি গ্রুপের চতুর্থ অর্থাৎ সবচেয়ে নিচে থাকা দলের সঙ্গে বাকি দলগুলোর পয়েন্ট বাদ দেয়া হয়েছে।


‘ডি’ গ্রুপে চতুর্থ হওয়া উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জকে ৪-০ গোলে হারানো বাংলাদেশের পয়েন্ট ছিল ৬। কিন্তু এই ফলাফল বাতিল হয়ে যাওয়ায় পয়েন্ট কমে দাঁড়ায় ৩-এ।


একই ভাবে ‘এ’ ও ‘বি’ গ্রুপের রানার্সআপ ভারত ও তাজিকিস্তানের পয়েন্টও হয়ে যায় ৩।


‘ই’ গ্রুপে দ্বিতীয় হওয়া তুর্কমেনিস্তানের পয়েন্ট ৩ হলেও গোল গড়ে এগিয়ে থাকায় দ্বিতীয় সেরা রানার্সআপ হিসাবে তারা খেলবে চূড়ান্ত পর্বে। ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের লাওস হয়েছে সেরা রানার্সআপ।

এ প্রসঙ্গে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, “এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবো। আপিল করার মতো যথেষ্ট তথ্য-প্রমাণও আমাদের হাতে আছে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এ বিষয়ে এএফসির সঙ্গে কথা বলছেন।”


বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানান, “এএফসির ওয়েবসাইটের গত কয়েক দিনের রিপোর্ট আমাদের হাতে আছে। এগুলো নিয়ে আমরা আপিল করবো।”


এ ব্যাপারে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

আগামী বছরের মার্চে মালদ্বীপে অনুষ্ঠেয় চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে আটটি দল অংশ নেবে। এই আটটি দল হল বাছাই পর্বের ৫ গ্রুপ চ্যাম্পিয়ন মিয়ানমার, কিরগিজস্তান, আফগানিস্তান, ফিলিস্তিন, ফিলিপিন্স, সেরা দুই রানার্সআপ লাওস ও তুর্কমেনিস্তান এবং স্বাগতিক মালদ্বীপ।