মায়ামিতেও ব্যর্থ জোকোভিচ
মায়ামি মাস্টার্সের চতুর্থ রাউন্ডেই অঘটনের শিকার নোভাক জোকোভিচ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এই প্রতিযোগিতায় জার্মানির টমি হাসের কাছে ৬-২, ৬-৪ গেমে হেরে গেছেন টেনিস র্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড়।
টানা তৃতীয় বারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জিতে দুর্দান্তভাবে বছর শুরু করলেও সর্বশেষ দুটি প্রতিযোগিতা একদমই ভালো কাটেনি জোকোভিচের। গত সপ্তাহে বিএনপি পারিবাস ওপেনের সেমিফাইনালে হেরে যাওয়ার পর এবার মায়ামিতেও ব্যর্থ হলেন সার্ব তারকা।
জোকোভিচ বিদায় নিলেও কোয়ার্টার ফাইনালে উঠেছেন অ্যান্ডি মারে। চতুর্থ রাউন্ডে লন্ডন অলিম্পিক ও ইউএস ওপেন চ্যাম্পিয়ন ৬-২, ৬-৪ গেমে ইতালির আন্দ্রিয়াস সেপ্পিকে হারিয়েছেন।
শেষ আটে মারের সঙ্গী চেক প্রজাতন্ত্রের টমাস বার্দাইচ। তবে হেরে গেছেন ফ্রান্সের জো উইলফ্রেড সোঙ্গা।
মেয়েদের এককে সেমিফাইনালে উঠেছেন র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস ও পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদওয়ান্সকা। শেষ আটের লড়াইয়ে সেরেনা ৬-৩, ৭-৬(৭-৫) গেমে চীনের লি নাকে এবং রাদওয়ান্সকা ৪-৬, ৬-৪, ৬-২ গেমে বেলজিয়ামের কার্স্টেন ফ্লিপকেন্সকে হারিয়েছেন।
