ফ্রান্সকে হারিয়ে গ্রুপ-শীর্ষে স্পেন
বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়েছে স্পেন। এই জয়ে ইউরোপীয় অঞ্চলের ‘আই’ গ্রুপের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে তারা।
প্যারিসের স্তাদে দি ফ্রান্সে পাওয়া সাফল্যে দারুণ এক কৃতিত্বও স্পর্শ করেছে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়নরা। এ নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে টানা ৫০ ম্যাচ অপরাজিত রইল স্পেন। সর্বশেষ তারা হেরেছিল ১৯৯৩ সালের ৩১ মার্চ, ডেনমার্কের কাছে ১-০ গোলে।
পাঁচ ম্যাচ থেকে স্পেনের সংগ্রহ ১১ পয়েন্ট। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফ্রান্স।
প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকা ফ্রান্স বেশ কয়েকটি সুযোগ পেলেও স্ট্রাইকার করিম বেনজেমার ব্যর্থতায় গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় স্পেন। ৫৮ মিনিটে স্ট্রাইকার পেদ্রোর লক্ষ্যভেদে এগিয়েও যায় তারা। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ফ্রান্স। উল্টো ৭৮ মিনিটে মিডফিল্ডার পল পোগবার দ্বিতীয় হলুদ কার্ড দশ জনের দলে পরিণত করে স্বাগতিকদের।
জিতেছে ইউরোপের অন্য বড় দলগুলোও।
‘বি’ গ্রুপে স্ট্রাইকার মারিও বালোতোল্লির জোড়া গোলে মাল্টাকে ২-০ ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি।
‘সি’ গ্রুপে ৪-১ গোলে কাজাখস্তানকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করেছে তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিও। ৬ ম্যাচ থেকে জার্মানদের পয়েন্ট ১৬। দুই গোল করেছেন মার্কো রুজ, একটি করে মারিও গোটজে ও ইকে গুনডেগান।
রোমানিয়াকে ৪-০ গোলে হারিয়ে ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডসের ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া প্রায় নিশ্চিত। বিশ্বকাপের গতবারের রানার্সআপদের চার গোলের দুটি রবিন ফন পার্সির। অন্য দুই গোলদাতা রাফায়েল ফন ডার ফার্ট ও জেরেমেইন লেন্স।
জিতেছে পর্তুগালও। ব্রুনো আলভেজ ও গুগো আলমেইদার লক্ষ্যভেদে আজারবাইজানকে ২-০ গোলে হারিয়েছে তারা। তবে ‘এফ’ গ্রুপে ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই আছে পর্তুগাল। পর্তুগিজদের মতো ১১ পয়েন্ট হলেও গোল গড়ে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থান ধরে রেখেছে ইসরাইল।
আর মন্টেনেগ্রোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইংল্যান্ড। মন্টেনেগ্রোর মাঠে ষষ্ঠ মিনিটে স্ট্রাইকার ওয়েইন রুনির গোলে ইংল্যান্ড এগিয়ে যাওয়ার পর ৭৬ মিনিটে সমতা ফেরায় স্বাগতিক দল। তাই ১৪ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে মন্টেনেগ্রো। ২ পয়েন্ট কম নিয়ে ইংল্যান্ডও আছে দ্বিতীয় স্থানে।
