ফুটবল দল এখন নিশ্চিন্ত
বাংলাদেশের এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে ওঠা নিয়ে কিছুটা সংশয় তৈরি হয় ব্রুনেই বাছাই পর্ব থেকে সরে দাঁড়ানোয়। তবে বুধবার এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) তাদের ওয়েবসাইটে জানিয়েছে, দ্বিতীয় সেরা রানার্সআপ হিসাবে বাংলাদেশই খেলবে চূড়ান্ত পর্বে।
আগামী বছরের ৮ থেকে ২৩ মার্চ মালদ্বীপে এই প্রতিযোগিতা হবে।
গত ২১ মার্চ জানা যায়, এ মাসের শুরুতে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত বাছাই পর্বের ‘ডি’ গ্রুপে রানার্সআপ হওয়া বাংলাদেশ চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।
কিন্তু ‘ই’ গ্রুপ থেকে ব্রুনেই নাম প্রত্যাহার করে নিলে সংশয় তৈরি হয়। কোনো দল সরে দাঁড়ালে অন্য গ্রুপগুলোতে চতুর্থ বা শেষ স্থানে থাকা দলের সঙ্গে ফলাফল বিবেচিত না হওয়ার কথা শোনা যাচ্ছিল।
বাংলাদেশের গ্রুপে সবচেয়ে নিচে উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের অবস্থান। বাছাই পর্বে প্রশান্ত মহাসাগরের এই দ্বীপটিকে বাংলাদেশ উড়িয়ে দেয় ৪-০ গোলে। কিন্তু এই ফলাফল বাতিল হয়ে গেলে বাংলাদেশের বাদ পড়ার সমূহ আশঙ্কা।
কিন্তু তা হয়নি। এএফসি জানায়, ব্রুনেই সরে দাঁড়ানোয় তাদের তিন প্রতিপক্ষকে ৩-০ গোলে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এবং তার ফলে সেরা দুই রানার্সআপের একটি হিসাবে বাংলাদেশ চলে যাবে চূড়ান্ত পর্বে।
পাঁচ গ্রুপ চ্যাম্পিয়ন, দুটি সেরা রানার্সআপ এবং স্বাগতিক মালদ্বীপ চূড়ান্ত পর্বে খেলবে।
মঙ্গলবার ‘ই’ গ্রপের খেলা শেষ হওয়ায় এই আটটি দল নিশ্চিত হয়ে গেছে। ৫ গ্রুপের চ্যাম্পিয়নরা হল মিয়ানমার, কিরগিজস্তান, আফগানিস্তান, ফিলিস্তিন ও ফিলিপিন্স। তুর্কমেনিস্তান সেরা রানার্সআপ, বাংলাদেশ দ্বিতীয় সেরা রানার্সআপ।
