বলিভিয়ার সঙ্গে আর্জেন্টিনার ড্র
মঙ্গলবার বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় বলিভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে দক্ষিণ আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসি শেষ সময়ে সহজ সুযোগ হাতছাড়া না করলে জয় নিয়েই ফিরতে পারতো তারা।
বলিভিয়ার সঙ্গে টানা তৃতীয় ড্রয়ের পরও ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার বাছাই পর্বে শীর্ষস্থানে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সমান খেলায় বলিভিয়ার সংগ্রহ ৯ পয়েন্ট।
সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার মিটার উঁচুতে হার্নান্দো সিলেস স্টেডিয়ামে ২০০৯ সালের এপ্রিলে ৬-১ গোলের লজ্জাজনক হারের পর থেকে চার ম্যাচে বলিভিয়ার বিপক্ষে জয় শূন্য আর্জেন্টিনা।
খেলা শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে দলকে জয় এনে দেয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন মেসি। ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে সুযোগটা নিজেই তৈরি করেছিলেন। কিন্তু গোলরক্ষক সার্জিও গালারজাকে একা পেয়েও পরাস্ত করতে পারেন নি টানা চারবারের বিশ্ব সেরা ফুটবলার।
স্বল্প বাতাসে শ্বাস নিতে কিছুটা সমস্যা হওয়া মেসি ম্যাচ শেষে বলেন, “আমি কিছুটা দ্বিধান্বিত ছিলাম। এমন উচ্চতায় খেলা খুব ভয়ানক।”
তিনি রিপোর্টারদের বলেন, “একবার জোরে দৌড়ানোর পর শক্তি ফিরে পাওয়া খুব কঠিন হয়ে যায়।”
বলিভিয়ায় খেলার জন্য দেশের মাটিতে ভেনেজুয়েলাকে ৩-০ হারানো দল থেকে আটটি পরিবর্তন এনে ছিলেন আর্জেন্টিনার কোচ আলেহান্দ্রো সাবেইয়া। দ্বিতীয় সারির দলের পারফরম্যান্সেও সন্তুষ্ট বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, “আমরা খুব ভালো খেলেছি। প্রথমার্ধে আমরা একটু সমস্যায় পড়েছিলাম। কিন্তু শেষ ২০-২৫ মিনিট আমরা খুব ভালো খেলেছি।”
শুরুটা দারুণ ছিল স্বাগতিকদের। ২৫ মিনিটে স্ট্রাইকার মার্সেলো মার্টিনের লক্ষ্যভেদে এগিয়ে যায় বলিভিয়া। রাইট উইংগার আলেহান্দ্রো চামাসেরোর ক্রসে ডিফেন্ডার উগো ক্যাম্পাগনেরোকে ফাঁকি দিয়ে মার্সেলোর হেড সার্জিও রোমেরোকে পরাস্ত করলে উৎসবে মেতে উঠে পুরো স্টেডিয়াম।
স্ট্রাইকার রডরিগো প্যালাসিওর শট গালারজার পায়ে লেগে ফিরে এলে সমতা ফেরানোর সুযোগ হারায় অতিথিরা। তবে ৪৪ মিনিটে আর পেরে উঠেন নি বলিভিয়ার গোলরক্ষক। দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে মেসির বড়ানো বলে লেফট ব্যাক ক্লেমেন্তে রডরিগুয়েজর ক্রস থেকে স্বাগতিকদের জাল খোঁজে পেতে কোনো সমস্যা হয়নি মিডফিল্ডার এভার বানেগার।
প্রথমার্ধে রোমেরোকে স্বাগতিকদের আক্রমণের ঢেউ ফেরাতে বেশি ব্যস্ত থাকতে হয়েছে। এ সময় দিয়েগো বেজারানো, মার্টিন ও কার্লোস সাসেদোকে অন্তত একবার করে হতাশ করেন তিনি।
তবে ১ পয়েন্ট এনে দেয়ার জন্য ধন্যবাদ পেতেই পারেন গালারজা। দ্বিতীয়ার্ধে অন্তত তিনবার দলকে রক্ষা করেন তিনি। বেনেগাকে দুবার ও মেসিকে একবার গোলবঞ্চিত করেন তিনি।
উচ্চতায় কোনো সমস্যা না হওয়া আর্জেন্টিনার উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া বেশ ক’বার ভীতি ছড়িয়েছেন প্রতিপক্ষের রক্ষণভাগে। ৩৬ মিনিটে নিচু শট থেকে গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন তিনি।
মঙ্গলবার বিশ্বকাপ বাছাই পর্বে কোপা আমেরিকা রানার্সআপ প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে ১০ খেলায় ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে ইকুয়েডর। সমান খেলায় ১৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকা কলম্বিয়া ১-০ গোলে হেরে গেছে ১১ খেলায় ১৫ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে থাকা ভেনেজুয়েলার কাছে।
গোল ব্যবধানে এগিয়ে থেকে চার নম্বরে থাকা চিলি ২-০ গোলে হারিয়েছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়েকে। দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা ১১ খেলায় ১৩ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে।
