২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসিতে ফিরতে আগ্রহী মরিনিয়ো

চেলসিতে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনিয়ো। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত লন্ডনের ক্লাবটির কোচের দায়িত্বে ছিলেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2013, 07:17 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

মরিনিয়োর অধীনে দুটি ইংলিশ প্রিমিয়ার লিগ সহ ছয়টি শিরোপা জিতেছিল চেলসি। সোমবার রাতে চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ব্রাজিল-রাশিয়া প্রীতি ম্যাচ দেখতে যান মরিনিয়ো। সেখানেই স্কাই স্পোর্টসের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “বিরূপ আবহাওয়ার পরও আমি লন্ডনকে ভালবাসি। এখানে আমার একটি বাড়ি আছে। আর চেলসির সঙ্গে আমার সম্পর্কটা আবেগের।” “আমার কাছে অন্য দলের তুলনায় চেলসি ভিন্ন। দলটি আমার মনের মধ্যে গেঁথে আছে। অনেকটা ইন্টার মিলানের মতো। একদিন এখানে আমাকে ফিরতেই হবে,” যোগ করেন মরিনিয়ো। ২০১০ সালের মে মাসে রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি। তার অধীনে গত মৌসুমে স্প্যানিশ লা লিগা, তার আগের মৌসুমে কোপা দেল রে এবং গত বছর স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে রিয়াল। তবে এবার লিগ শিরোপা জয়ের আশা প্রায় শেষ। তাই আগামী মৌসুমে মরিনিয়োর রিয়াল থেকে চলে যাওয়ার গুঞ্জন ইদানীং বেশ জোরালো। তবে আপাতত তার ভাবনায় শুধুই স্পেনের পরাশক্তিরা। এ প্রসঙ্গে তিনি বলেন, “এখন আমি মাদ্রিদে (রিয়াল) আছি আর মৌসুমের বাকি সময়ে দলের প্রতি আমি অঙ্গীকারাবদ্ধ। আমরা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পৌঁছে গেছি। অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে আমাদের একটা ফাইনালও (কোপা দেল রে) বাকি আছে।” “আমি একজন পেশাদার কোচ। তাই এই মুহূর্তে শুধু মাদ্রিদকে (রিয়াল) নিয়ে ভাবতে চাই,” যোগ করেন স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ কোচ মরিনিয়ো।