আবার এক নম্বরে টাইগার উডস
আবার গলফ র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন টাইগার উডস। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বে হিলে অনুষ্ঠিত আর্নল্ড পামার আমন্ত্রণমূলক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে প্রায় আড়াই বছর পর শীর্ষস্থান ফিরে পেয়েছেন তিনি।
হারানো ‘সাম্রাজ্য’ ফিরে পেয়ে দারুণ খুশি উডস। অষ্টম বারের মতো ফ্লোরিডায় সাফল্য পাওয়ার পর তিনি বলেন, “আমি লড়াই উপভোগ করি, মেজর প্রতিযোগিতার মতো যে কোনো প্রতিযোগিতা জিততে পছন্দ করি। এক বছরে চারটি মেজরের শিরোপা জিতে তা আমার কফি টেবিলে রাখার অনুভূতি দারুণ হবে।”
‘মেজর’ হল গলফের সেরা প্রতিযোগিতাগুলো। টেনিসের গ্র্যান্ড স্লামের মতো। রেকর্ড ১৪টি মেজর জিতলেও এক বছরে কখনোই সবগুলো জিততে পারেননি উডস।
১৯৯৬ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করার মাত্র এক বছরের মাথায়, ১৯৯৭ সালের জুনে প্রথম বারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন তিনি।
১৯৯৯ সালের অগাস্ট থেকে ২০০৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত টানা ২৬৪ সপ্তাহ এবং ২০০৫ সালের জুন থেকে ২০১০ সালের অক্টোবর পর্যন্ত টানা ২৮১ সপ্তাহ সবার ওপরে থাকার কৃতিত্ব দেখিয়েছিলেন ইতিহাসের সফলতম গলফার।
তবে এরপর শুরু হয় তার ‘অধঃপতন’। নারীঘটিত কেলেঙ্কারিতে জড়িয়ে কয়েক মাস গলফ কোর্সের বাইরেও ছিলেন উডস।
বিরতি শেষে ফিরলেও ‘রাজত্ব’ হারিয়ে ফেলেন। ধারাবাহিক অবনমনে ২০১১ সালের নভেম্বরে নেমে যান ৫৮তম স্থানে। অবশেষে হারানো ‘সিংহাসন’ ফিরে পেলেন ‘গলফের রাজা’।
