মায়ামিতে শেষ আটে সেরেনা-শারাপোভা
মায়ামি মাস্টার্স টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস ও মারিয়া শারাপোভা।
চতুর্থ রাউন্ডে স্লোভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভার বিপক্ষে প্রথম সেট হেরে গেলেও শেষ পর্যন্ত ২-৬, ৬-৪, ৬-২ গেমে জিতেছেন মেয়েদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা সেরেনা।
র্যাঙ্কিংয়ে তৃতীয় শারাপোভা অবশ্য প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি। চেক প্রজাতন্ত্রের ক্লারা জাকোপালোভাকে ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন এই রুশ তারকা।
মেয়েদের বিভাগে শেষ আট নিশ্চিত করেছেন পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদওয়ান্সকা এবং চীনের লি না-ও।
পুরুষদের বিভাগে চতুর্থ রাউন্ডে উঠেছেন লন্ডন অলিম্পিক ও ইউএস ওপেন চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে। তৃতীয় রাউন্ডে মারে ৭-৬(৭-৩), ৬-৩ গেমে হারিয়েছেন বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে।
এছাড়া তৃতীয় রাউন্ডের বাধা পেরিয়েছেন চেক প্রজাতন্ত্রের টমাস বার্দাইচ ও ফ্রান্সের জো উইলফ্রেড সোঙ্গা।
