২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিফাইনালে মোহামেডান-শেখ জামাল

মঙ্গলবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে স্বাধীনতা কাপ ফুটবলের একমাত্র ম্যাচে গোলশূন্য ড্র করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সুবাদে দু দলেরই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2013, 04:24 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

‘এ’ গ্রুপে দু দলেরই সংগ্রহ চার পয়েন্ট করে। তবে গোল গড়ে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে শেখ জামাল। আর মোহামেডান শেষ চারে উঠেছে তিন গ্রুপের সেরা রানার্সআপ হিসাবে। মোহামেডানের গোল গড় +চার।

‘বি’ গ্রুপে দুটি করে ম্যাচ খেলা আবাহনী লিমিটেড ও শেখ রাসেল ক্রীড়া চক্রের সংগ্রহ ৬ পয়েন্ট। তবে দু দলেরই গোল গড় +তিন করে। আর ‘সি’ গ্রুপে একটি করে ম্যাচ হাতে নিয়ে বিজেএমসি ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের পয়েন্ট ৪ করে। তাই মোহামেডান নিশ্চিন্ত।

সেমিফাইনালে ওঠার জন্য যেহেতু ড্র-ই যথেষ্ট, তাই মোহামেডান ও শেখ জামাল শুরু থেকেই ছিল রক্ষণাত্মক। বেশির ভাগ সময় খেলা সীমাবদ্ধ ছিল মাঝমাঠে।

তারপরও দু দলই বেশ কয়েকটা সুযোগ পেয়েছিল।

পঞ্চম মিনিটে মোহামেডানের নাইজেরীয় মিডফিল্ডার শিসান ইদু গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি।

৫ মিনিট পর আবার মোহামেডানের জন্য হতাশা। ফরোয়ার্ড সোহেল রানার ক্রস থেকে নাইজেরীয় স্ট্রাইকার ওসই মরিসনের শট চলে যায় বারের ওপর দিয়ে।

শেখ জামালও সুযোগ পেয়েছিল। ২৪ মিনিটে পাল্টা আক্রমণ থেকে মিডফিল্ডার অরুপ কুমার বৈদ্য ফাঁকা পোস্ট পেয়েও বল বাইরে পাঠিয়ে দেন।

দু দলই গোল করার সুযোগ নষ্ট করে ড্র করলেও তাতে কেউই অখুশি নয়।

খেলা শেষে শেখ জামালের নাইজেরীয় কোচ জোসেফ আফুসি বলেন, “আজ আমরা জিততেও পারতাম। কয়েকটি সুযোগও পেয়েছিলাম। তবে ড্র করলেই সেমিফাইনালে খেলতে পারব বলে একটু রক্ষণাত্মক খেলেছি।”

আর মোহামেডানের কোচ সাইফুল বারী টিটু বলেন, “আমরা আগেই হিসাব করেছিলাম যে ড্র করলেই শেষ চারে উঠে যাব। তাই প্রথমার্ধে কিছুটা আক্রমণাত্মক খেললেও দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক হয়ে যাই।”