২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রেডের গোলে ব্রাজিলের মুখরক্ষা

জয়ের জন্য উদগ্রীব ব্রাজিলকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন ফ্রেড। তার শেষ মিনিটের লক্ষ্যভেদে সোমবার রাতে রাশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ ১-১ গোলে ড্র করেছে বিশ্বকাপের সবচেয়ে সফল দল।

রয়টার্স

.

রয়টার্স

Published : 26 Mar 2013, 06:17 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে, অর্থাৎ চেলসির মাঠে ৭৩ মিনিটে ভিক্টার ফেজুলিনের গোলে এগিয়ে যায় রাশিয়া। ডিফেন্ডাররা দুবার গোল লাইন থেকে ফিরিযে দিলেও ফেজুলিনের তৃতীয় প্রচেষ্টার গোলে পিছিয়ে পড়ে ২০১৪ বিশ্বকাপ আয়োজকরা।

বল বেশির ভাগ সময় ব্রাজিলের নিয়ন্ত্রণে থাকলেও তেমন সুযোগ তৈরি করতে পারেনি তারা। তবে শেষ মুহূর্তে বাঁ দিক থেকে মার্সেলোর ক্রস থেকে ফ্রেডের লক্ষ্যভেদ হতাশ করে ব্রাজিলের বিপক্ষে প্রথম জয়ের সন্ধানে থাকা রাশিয়াকে। এ নিয়ে টানা তিন ম্যাচে গোল পেলেন ফ্রেড।

আগের দশটি লড়াইয়ের আটটিতেই জিতেছে ব্রাজিল, বাকি দুটি ড্র।

গত নভেম্বরে ২০০২ সালের বিশ্বকাপ জয়ী কোচ লুই ফেলিপে স্কলারি দ্বিতীয় দফায় দায়িত্ব নেন ব্রাজিলের। তার অধীনে তিন ম্যাচ খেললেও ব্রাজিল এখনো জয়ের দেখা পায়নি। গত মাসে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হারের পর গত বৃহস্পতিবার ইতালির বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েও জিততে পারেনি তারা।

গত শুক্রবার উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে রাশিয়ার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ ভারী তুষারপাতের কারণে বাতিল হয়ে যায়।
ম্যাচ প্র্যাকটিসের বেশ অভাব থাকলেও ব্রাজিলের বিপক্ষে তাদের শুরুটা ছিল দারুণ। তবে টানা ৭ ম্যাচে অপরাজিত ফ্যাবিও ক্যাপেলোর দলকে বেশ কয়েক বার হতাশ করেন ব্রাজিলের গোলরক্ষক জুলিও সিজার।
রুশদের আক্রমণের ঢেউয়ের মধ্যেই কাকা ও চেলসির খেলোয়াড় অস্কারের মাধ্যমে বেশ কয়েক বার পাল্টা আক্রমণে যায় ব্রাজিল।

২০১০ বিশ্বকাপের পর প্রায় দুই বছর উপেক্ষিত কাকা জাতীয় দলে নিজের জায়গা পাকা করার মতোই খেলেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে অস্কার ও নেইমারের সঙ্গে বেশ কয়েকটি আক্রমণ গড়ে তোলেন তিনি। যদিও এর কোনোটি থেকেই সাফল্য আসেনি।