২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসির মাঠে জয়ের খোঁজে ব্রাজিল

ড্র-হার-হার-ড্র, সর্বশেষ চার ম্যাচে ব্রাজিলের ফলাফলের খতিয়ান। জয়ের মধুর স্বাদ প্রায় ভুলতে বসা ব্রাজিল সোমবার রাশিয়াকে প্রীতি ম্যাচে হারাতে উদগ্রীব।

রয়টার্স

.

রয়টার্স

Published : 24 Mar 2013, 06:52 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে, অর্থাৎ চেলসির মাঠে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত দেড়টায়।

গত ১৬ অক্টোবর জাপানকে ৪-০ গোলে উড়িয়ে দেয়ার পর আন্তর্জাতিক ফুটবলে আর জয়ের দেখা পায়নি ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ডের কাছে হার (দুটোই ২-১ গোলে), কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্রয়ের হতাশার সঙ্গে গত শুক্রবার যোগ হয় ইতালির সঙ্গে ২-২ অমীমাংসিত ম্যাচটি।

ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী কোচ লুই ফেলিপে স্কলারির জন্য হতাশাটা আরো বেশি। গত নভেম্বরে দ্বিতীয় দফায় দায়িত্ব নেয়ার পর তার অধীনে দুটি ম্যাচ (ইংল্যান্ড ও ইতালি) খেললেও জয়ের দেখা পায়নি বিশ্বকাপের পাঁচ বারের চ্যাম্পিয়নরা। এমনকি ইতালির বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েও জিততে পারেনি।

তবু ‘বিগ ফিল’ নামে পরিচিত স্কলারি হতাশ নন। তিনি বলেন, “আমি মনে করি আমাদের দল অনেক উন্নতি করেছে। আমরা একটা নতুন ধারায় খেলার চেষ্টা করছি। যেভাবে সবাই খেলছে তাতে আমি খুশি।” রাশিয়ার বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে অনেক এগিয়ে ব্রাজিল। আগের ১০টি লড়াইয়ে ৮টিতে জিতেছে ব্রাজিল, বাকি দুটি ড্র। চেলসির মাঠে এই তথ্য অনুপ্রাণিত করতে পারে নেইমার-আলভেসদের।