২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধার সহজ জয়

স্বাধীনতা কাপ ফুটবলে সহজ জয় পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। রোববার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে তারা ৩-০ গোলে দশ জনের দলে পরিণত আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 04:01 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা আপাতত ‘সি’ গ্রুপের শীর্ষে। প্রথম ম্যাচে তারা চট্টগ্রাম আবাহনীর সঙ্গে গোলশূন্য ড্র করেছিল।

শেষ পর্যন্ত সহজ জয় পেলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি মুক্তিযোদ্ধা। তবে বিরতির পর খেলা শুরু হতে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি।

৪৬ মিনিটে নাইজেরীয় মিডফিল্ডার জোসেফ ওজুরুম্বার ক্রস থেকে মুক্তিযোদ্ধাকে এগিয়ে দেন আরেক নাইজেরীয় স্ট্রাইকার ডার্লিংটন (১-০)।

৫৫ মিনিটে ব্রাজিলীয় ফরোয়ার্ড টাইসন সিলভার ক্রস থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন অভিজ্ঞ স্ট্রাইকার রোকনুজ্জামান কাঞ্চন (২-০)।

৭১ মিনিটে ডার্লিংটনের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয়ে যায় মুক্তিযোদ্ধার (৩-০)।

১৫ মিনিটের সময় মুক্তিযোদ্ধার ডিফেন্ডার জহিরুল ইসলামকে ফাউল করে লালকার্ড দেখেন আরামবাগের নাইজেরীয় স্ট্রাইকার কেস্টার আখন।