চার সপ্তাহের জন্য মাঠের বাইরে তামিম
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিং করার সময় ডানহাতের বৃদ্ধাঙ্গুলে চোট পাওয়ায় অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালকে।
শনিবার ম্যাচ শেষে হাম্বানটোটায় তামিম বলেন, “এ ধরনের চোট সেরে উঠতে সাধারণত চার থেকে ছয় সপ্তাহ সময় নেয়।”
সোমবার ঢাকায় ফিরে এমআরআই করানোর পর চোট সম্পর্কে পরিস্কার ধারণা পাওয়া যাবে জানিয়ে তামিম বলেন, “চিড় যে ধরেছে তাতে কোনো সন্দেহ নেই।”
দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে তামিমের ওপর অনেকখানে নির্ভর করেছিলেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।
সোহাগ গাজীর করা সপ্তম ওভারের তৃতীয় বলে পয়েন্টে থিসেরা জেনিথ পেরেরার জোরালো শট ফেরাতে গিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন তামিম। সাথে সাথেই স্থানীয় হাসপাতালে এক্সরে করানো হয় তার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুরন্ত রাজশাহীর হয়ে খেলতে গিয়ে বাঁ কব্জির চোট পেয়ে অনেক দিন খেলার বাইরে ছিলেন বিস্ফোরক এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টেও খেলতে পারেন নি তিনি।
তামিমের শতকের পরও তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। সোমবার একই মাঠে দ্বিতীয় ও ২৮ মার্চ পাল্লেকেলেতে তৃতীয় ওয়ানডে।
৩১ মার্চ একমাত্র টি-টোয়েন্টি দিয়ে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর শেষ হবে। দেশে ফিরে জিম্বাবুয়ে সফরে যাবে মুশফিক বাহিনী। ১৭ এপ্রিল থেকে সফর শুরুর কথা রয়েছে।
