২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলাকে হারিয়ে আর্জেন্টিনার প্রতিশোধ

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ফিরতি লেগে ভেনেজুয়েলাকে সহজেই ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2013, 04:57 AM

Updated : 23 Aug 2022, 10:26 AM

২০১১ সালের অক্টোবরে বাছাই পর্বে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ফুটবল-বিশ্বকে চমকে দিয়েছিল দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ হিসেবে আজো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ না পাওয়া ভেনেজুয়েলা।

শনিবার রাজধানী বুয়েনস আইরিসে গঞ্জালো হিগুয়াইনের দুই গোলের ওপরে ভর করে সেই হারের প্রতিশোধ নিয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পেনাল্টি থেকে অন্য গোলটি করেন লিওনেল মেসি।

এই জয়ে ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার শীর্ষস্থান আরো সুসংহত। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে কলম্বিয়া। তৃতীয় ইকুয়েডরের সংগ্রহ ১৭ পয়েন্ট। দু দলই অবশ্য আর্জেন্টিনার চেয়ে একটি করে ম্যাচ কম খেলেছে।

ঘরের মাঠে মেসির নেতৃত্বে শুরু থেকেই ভেনেজুয়েলানদের রক্ষণভাগের ওপরে আক্রমণের ঢেউ বইয়ে দেয় আর্জেন্টিনা। কিন্তু কোনো-না-কোনো ভাবে বেঁচে যাচ্ছিল অতিথিরা।

অবশেষে ২৯ মিনিটের সময় আর্জেন্টিনাকে এগিয়ে দেন হিগুয়াইন। ওয়াল্টার মন্তিলো ও মেসির মাধ্যমে গড়ে ওঠা আক্রমণকে সাফল্যে রূপায়িত করতে তেমন সমস্যা হয়নি রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারের।

বিরতির ঠিক আগে গ্যাব্রিয়েল চিচেরোর হ্যান্ডবলের কারণে পাওয়া পেনাল্টি কাজে লাগিয়ে দলকে ২-০ গোলে এগিয়ে দেন টানা চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি। বাছাই পর্বে এটি তার অষ্টম গোল।

৫৯ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় আর্জেন্টিনা। মেসির পাস থেকে আবার গোল করে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন হিগুয়াইন। ৯ গোল নিয়ে তিনি এখন দক্ষিণ আমেরিকা অঞ্চলের সর্বোচ্চ গোলদাতা।

এর পাঁচ মিনিট পর ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল ভেনেজুয়েলা। সলোমন রন্দনের ক্রস পাবলো জাবালেতাকে ফাঁকি দিয়ে চলে আসে বদলি হিসাবে নামা রোমুলো ওতেরোর কাছে। কিন্তু তার শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।
শেষ দিকে আরেকটি সুযোগ পেয়েছিলেন ওতেরো। সেবার দলকে রক্ষা করেন আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও রোমেরো।

শনিবার দক্ষিণ আমেরিকা অঞ্চলের অন্যান্য ম্যাচে কলম্বিয়া ৫-০ গোলে বলিভিয়াকে ও পেরু ১-০ গোলে চিলিকে হারিয়েছে। আর কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরগুয়ে ও রানার্সআপ প্যারাগুয়ে ১-১ গোলে ড্র করেছে।