আবাহনীর টানা দ্বিতীয় জয়
স্বাধীনতা কাপ ফুটবলে টানা দ্বিতীয় জয় পেয়েছে আবাহনী লিমিটেড। শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে তারা ২-১ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে।
ব্রাদার্সের বিপক্ষে ২০ মিনিটের সময় এগিয়ে যায় আবাহনী। আতিকুর রহমান মিশুর ক্রস থেকে হেডে ব্রাদার্সের গোলরক্ষক সবুজ দাস রঘুকে পরাস্ত করেন মিডফিল্ডার আব্দুল বাতেন কোমল (১-০)।
দুই মিনিট পর আবার গোল। বাঁ প্রান্ত থেকে নেয়া কোমলের নিচু ক্রস নাইজেরীয় মিডফিল্ডার লাকি পলের পা ঘুরে আসে ঘানার মিডফিল্ডার তুয়াম ফ্রাঙ্কের কাছে। প্লেসিং শটে বল জালে জড়িয়ে ব্যবধান ২-০ করেন ফ্রাঙ্ক।
বিরতির ঠিক আগে ব্যবধান কমায় ব্রাদার্স। নাইজেরীয় মিডফিল্ডার স্যামসন ইলিয়াসুর থ্রু ধরে, আরেক নাইজেরীয় স্ট্রাইকার কিংসলে চিগোজি এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে জড়িয়ে দেন।
তবে বিরতির পর আর গোলের দেখা পায়নি গোপীবাগের দলটি। তাই টানা দ্বিতীয় ম্যাচ হেরে সেমিফাইনালের আশা শেষ হয়ে গেছে ব্রাদার্সের।
