ব্রাজিল-ইতালি লড়াই অমীমাংসিত
বিশ্বকাপের দুই সফল দলের লড়াইয়ে কেউ জেতেনি। বৃহস্পতিবার রাতে সুইজারল্যান্ডের জেনেভায় ব্রাজিল-ইতালি প্রীতি ম্যাচ শেষ হয়েছে ২-২ সমতায়।
২-০ গোলে পিছিয়ে পড়া ইতালি মারিও বালোতেল্লির নৈপুণ্যে হার এড়িয়েছে। গত নভেম্বরে দ্বিতীয় বারের মতো জাতীয় দলের দায়িত্ব নেয়া লুই ফেলিপে স্কলারির অধীনে দ্বিতীয় ম্যাচেও তাই জয়ের দেখা পায়নি ব্রাজিল।
নেইমারকে নিয়ে ব্রাজিলের অনেক স্বপ্ন। ৪২ মিনিটে অস্কারের করা দ্বিতীয় গোলের নির্মাতাও সান্তোসের ২১ বছর বয়সী ফরোয়ার্ড। তবে স্তাডে ডি জেনেভায় নেইমারের চেয়ে অনেক বেশি আলো ছড়িয়েছেন বালোতেল্লি।
গত মাসে লন্ডনের ওয়েম্বলিতে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হারের ক্ষত এখনো শুকায়নি ব্রাজিলের। ইতালির সঙ্গে দুই গোলে এগিয়ে গেলেও শুরু থেকে প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতেই বেশি ব্যস্ত ছিল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের রক্ষণভাগ। বিশেষ করে গোলরক্ষক জুলিও সিজারের দুর্দান্ত নৈপুণ্য ২০১৪ বিশ্বকাপের আয়োজকদের বিপদে পড়তে দেয়নি।
সিজারের জন্যই ১৯৮২ বিশ্বকাপের পর ইতালির সঙ্গে ব্রাজিলের অপরাজিত থাকার গৌরব ক্ষুন্ন হয়নি।
‘আজ্জুরি’ নামে পরিচিত ইতালির জাতীয় দলের রক্ষণাত্মক ফুটবলের জন্যই বেশি খ্যাতি। তবে ব্রাজিলের বিপক্ষে দেখা গেছে ভিন্ন চেহারার ইতালিকে। বালোতেল্লির নেতৃত্বে শুরু থেকে একের পর এক আক্রমণ করে প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে রাখে চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
প্রথম আধ ঘণ্টার মধ্যে বালোতেল্লির দু-দুটি শট ব্রাজিল-ভক্তদের বুক কাঁপিয়ে দিয়েছিল। প্রথমটি ফিরিয়ে দেন সিজার, পরেরটি ঠেকান ডিফেন্ডার ডেভিড লুইজ। বালোতেল্লিরই একটি ক্রস থেকে পাবলো অসভালদোর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
এর পরই খেলার ধারার বিপরীতে এগিয়ে যায় ব্রাজিল। ৩৩ মিনিটে ডিফেন্ডার ফিলিপে লুইসের ক্রস ফ্রেডকে ডি-বক্সের মধ্যে খুঁজে পায়। ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি বুফনকে পরাস্ত করতে তেমন সমস্যা হয়নি ফ্রেডের।
৯ মিনিট পর দ্বিগুণ হয়ে যায় ব্যবধান। নেইমারের ডিফেন্স চেরা পাস ধরে গোল করেন অস্কার।
দুই গোলে এগিয়ে থাকায় বিরতির সময় জয়ের স্বপ্ন দেখছিল ব্রাজিল। তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর স্বপ্নভঙ্গ হতে সময় লাগেনি।
৫৪ মিনিটে কর্নার থেকে ড্যানিয়েল ডি রসি ব্যবধান কমিয়ে আনেন ২-১এ। তিন মিনিট পর বালোতেল্লির দুর্দান্ত শটে চলে আসে সমতা।
এরপরও ইতালিকে দুবার এগিয়ে দেয়ার সম্ভাবনা জাগিয়েছিলেন বালেতোল্লি। কিন্তু দুবারই তাকে হতাশ করেন সিজার।
পুরো ম্যাচে দল তেমন ভালো খেলতে না পারলেও লুই ফেলিপে স্কলারি হতাশ নন। খেলা শেষে ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী কোচ বলেন, “আমাদের দলের খেলায় আমি সন্তুষ্ট। (দ্বিতীয়ার্ধে) সমতা আসার পর আমরা জয়ের জন্য তেমন চেষ্টা করিনি। তারপরও আমার মনে হয় ফুটবলাররা ভালোই খেলেছে।”
ইতালির কোচ সিজার প্রানদেল্লিও তার দলের খেলোয়াড়দের প্রশংসা করে বলেন, “আমি বুঝতে পারছি না কীভাবে আমরা ২-০ গোলে পিছিয়ে পড়েছিলাম। কিন্তু আমরা মাথা ঠাণ্ডা করে খেলেছি।”
