স্পেনের সামনে ফিনল্যান্ডের ‘বাধা’
বিশ্বকাপ বাছাই পর্বে শুক্রবার ফিনল্যান্ডকে স্বাগত জানাবে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। ‘আই’ গ্রুপের আরেক ম্যাচে স্বাগতিক ফ্রান্সের প্রতিপক্ষ জর্জিয়া।
‘মহারণ’-এর আগে দুই ফুটবল-পরাশক্তি নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছে শুক্রবার। আগামী মঙ্গলবার বাছাই পর্বে স্পেন-ফ্রান্সের লড়াই।
তিন ম্যাচ থেকে দুই দলেরই সংগ্রহ ৭ পয়েন্ট করে। তবে গোল গড়ে এগিয়ে আছে স্পেন।
শুক্রবার বিশ্বকাপ বাছাইপর্বের ইউরোপীয় অঞ্চলে প্রায় সব বড় দলই মাঠে নামবে।
‘সি’ গ্রুপে কাজাখস্তানের মাঠে খেলতে যাবে জার্মানি। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার ওপরে আছে তিন বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এক ম্যাচ কম খেলে ৭ পয়েন্ট সংগ্রহ করা সুইডেনের অবস্থান দ্বিতীয়।
‘ডি’ গ্রুপে এস্তোনিয়ার বিপক্ষে লড়বে স্বাগতিক নেদারল্যান্ডস। চার ম্যাচের সবগুলোতে জিতে গ্রুপের শীর্ষে আছে গত বিশ্বকাপের রানার্সআপরা।
মাঠে নামবে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালও। ইসরাইল সফরে যাবে তারা। তবে ‘এফ’ গ্রুপে পর্তুগিজদের অবস্থা তেমন ভালো নয়।
৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। সমান ৭ পয়েন্ট হলেও গোল গড়ে এগিয়ে থাকায় ইসরাইলের অবস্থান দ্বিতীয়। ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ-শীর্ষে রাশিয়া।
‘এইচ’ গ্রুপে স্যান মারিনোর আতিথেয়তা নেবে ইংল্যান্ড। ৮ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড আছে দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা মন্টেনেগ্রোর পয়েন্ট ১০।
