২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ

এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। আগামী বছরের ৮ থেকে ২৩ মার্চ মালদ্বীপে চূড়ান্ত পর্ব হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2013, 01:22 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

এ মাসের শুরুতে নেপালের কাঠমান্ডুতে বাছাই পর্বের ‘ডি’ গ্রুপে স্বাগতিকদের পেছনে ফেলে রানার্সআপ হয় বাংলাদেশ। তবে চূড়ান্ত পর্বে ওঠার জন্য অপেক্ষায় থাকতে হচ্ছিল।

সেই অপেক্ষার অবসান হল বৃহস্পতিবার কিরগিজস্তান ১-০ গোলে তাজিকিস্তানকে হারিয়ে দেয়ায়। ৫টির মধ্যে এখন পর্যন্ত ৪টির গ্রুপের খেলা শেষ হয়েছে।

এর মধ্যে তিন গ্রুপের রানার্সআপ বাংলাদেশ, ভারত ও তাজিকিস্তানের সমান ৬ পয়েন্ট। তবে গোল গড়ে সবচেয়ে এগিয়ে থাকায় সেরা রানার্সআপ হিসাবে বাংলাদেশের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত। আরেক রানার্সআপ লাওসের পয়েন্ট ৫।

৫ গ্রুপের চ্যাম্পিয়ন, সেরা দুটি রানার্সআপ এবং স্বাগতিক মালদ্বীপ চূড়ান্ত পর্বে খেলবে। গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে এরই মধ্যে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে মিয়ানমার, আফগানিস্তান, ফিলিস্তিন ও কিরগিজস্তান।

‘ই’ গ্রুপের খেলা শুরু হবে শুক্রবার থেকে। ব্রুনেই দারুসসালাম সরে দাঁড়ানোয় এই গ্রুপ থেকে কম্বোডিয়া, ফিলিপিন্স ও তুর্কমেনিস্তানের মধ্যে লড়াই হবে।

বাংলাদেশের এই সাফল্যে কাজী সালাউদ্দিন উচ্ছ্বসিত। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি বলেন, “বাংলাদেশের চূড়ান্ত পর্বে ওঠার ব্যাপারে আমি আশাবাদী ছিলাম। আশা পূরণ হওয়ায় আর সবার মতো আমিও খুশি।”

“এটা আমাদের ফুটবলের জন্য শুভ সংবাদ। আশা করি চূড়ান্ত পর্বে আমরা আরো ভালো করব,” যোগ করেন তিনি।