২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালির ‘ব্রাজিল’ জয়ের সংকল্প

দীর্ঘ ৩১ বছর ব্রাজিলকে হারাতে পারেনি ইতালি। বৃহস্পতিবার রাতে সুইজারল্যান্ডের জেনেভায় এক প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারিয়ে সেই হতাশা ভুলতে তারা দৃঢ় প্রতিজ্ঞ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2013, 09:28 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

ইতালি ব্রাজিলকে সর্বশেষ হারিয়েছিল ১৯৮২ বিশ্বকাপে। দ্বিতীয় রাউন্ডে পাওলো রসির দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-২ গোলে জিতে সক্রেটিস-জিকোদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙ্গে দিয়েছিল তারা। সেবার তৃতীয় বারের মতো বিশ্ব চ্যাম্পিয়নও হয়েছিল ফুটবল-দুনিয়ায় ‘আজ্জুরি’ নামে পরিচিত ইতালীয়রা।

এর পরেও একবার বিশ্বকাপ জিতেছে ইতালি, ২০০৬ সালে। কিন্তু ব্রাজিলকে আর হারাতে পারেনি।

১৯৯৪ বিশ্বকাপের ফাইনালে অবশ্য সুযোগ এসেছিল। কিন্তু টাইব্রেকারে জিতে চতুর্থ বারের মতো বিশ্বকাপ ঘরে তোলে ব্রাজিল। দুই ফুটবল-পরাশক্তির সর্বশেষ লড়াইয়েও ব্রাজিলীয়রা বিজয়ী, ২০০৯ সালে ২-০ গোলে।

ইতালির সঙ্গে মুখোমুখি লড়াইয়ের হিসাবেও এগিয়ে আছে ব্রাজিল। আগের ১৪টি ম্যাচে ব্রাজিল জিতেছে ৭ বার, ইতালি ৫ বার, বাকি দুটি ড্র।

রেকর্ড ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এবার তাই ঘুরে দাঁড়াতে মরিয়া ইতালির অধিনায়ক জিয়ানলুইজি বুফন্। বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক বলেন, “গত কয়েক বছরে আমরা ব্রাজিলের তেমন মুখোমুখি হইনি। কিন্তু যে কয়েক বার হয়েছি প্রত্যেকটিতেই আমরা খুব খারাপ খেলেছি। তাই নিজেদের অবস্থান জানতে এটা আমাদের বড় পরীক্ষা। ভালো-খারাপ যে ফলই হোক না কেন, দুটোই আমাদের সাহায্য করবে।”

ব্রাজিলের সময়টা অবশ্য একদমই ভালো যাচ্ছে না। সর্বশেষ তিন ম্যাচে ইংল্যান্ড ও আর্জেন্টিনার কাছে হেরেছে তারা, ড্র করেছে কলম্বিয়ার সঙ্গে।

দ্বিতীয় বার কোচ হওয়ার পর লুই ফেলিপে স্কলারির অধীনে প্রথম ম্যাচেই হারের দুঃখ (৬ ফেব্রুয়ারি লন্ডনের ওয়েম্বলিতে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে) এখনো ভুলতে পারেনি ব্রাজিলের বহু ভক্ত।

ব্রাজিলের গোলরক্ষক জুলিও সিজার তাই জেনেভায় জয়ের প্রত্যাশা করছেন। তিনি বলেন, “গত বিশ্বকাপের পর আমরা কোনো বড় দলের বিপক্ষে জিততে পারিনি। আশা করি এবার দুটি ম্যাচেই জিততে পারবো।”

২৫ মার্চ রাশিয়ার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।