২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যামোফির নৈপুণ্যে শেখ জামালের গোল-উৎসব

স্বাধীনতা কাপ ফুটবলে বুধবারের একমাত্র ম্যাচে বিশাল ব্যবধানে জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে তারা ৮-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ নৌবাহিনীকে। হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন নাইজেরীয় স্ট্রাইকার আলফ্রেড অ্যামোফি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 02:31 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

‘এ’ গ্রুপে টানা দ্বিতীয় জয়ে শেখ জামালের সংগ্রহ ৬ পয়েন্ট। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডেরও তা-ই। আগামী সোমবার দু দলের মুখোমুখি লড়াইয়ে গ্রুপের শীর্ষস্থান নির্ধারণ হবে।

বুধবার শেখ জামালের গোল-উৎসবের সূচনা ২০ মিনিটের সময়, অ্যামোফির লক্ষ্যভেদ দিয়ে। ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরেক নাইজেরীয় স্ট্রাইকার সানডে সিজোবা।

এরপর শুরু হয় অ্যামোফি-অধ্যায়। ৩৬, ৩৮ ও ৫৬ মিনিটে শেখ জামালের পরের তিনটি গোলই অ্যামোফির। এই প্রতিযোগিতায় এটি তার টানা দ্বিতীয় হ্যাটট্রিক। এবারের স্বাধীনতা কাপে তিনি ছাড়া আর কেউ হ্যাটট্রিক করতে পারেনি।

৭৮ মিনিটে স্ট্রাইকার সোহেল রানা, ৮৮ মিনিটে সানডে ও ৮৯ মিনিটে মিডফিল্ডার সোহেল রানার লক্ষ্যভেদে বিশাল জয় নিয়ে ঘরে ফেরে আগের ম্যাচে ফেনী সকার ক্লাবকে ৬-৩ গোলে হারিয়ে দেয়া শেখ জামাল।