সেমিফাইনালের আরো কাছে মোহামেডান
স্বাধীনতা কাপ ফুটবলে টানা দ্বিতীয় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। মঙ্গলবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ৩-১ গোলে ফেনী সকার ক্লাবকে হারানোয় তাদের সেমিফাইনাল-সম্ভাবনা উজ্জ্বল।
২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে মোহামেডান এখন ‘এ’ গ্রুপের শীর্ষে। ২৫ মার্চ গ্রুপের শেষ ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে খেলবে তারা। আর গ্রুপ রানার্সআপ হলে অপেক্ষায় থাকতে হবে।
তিন গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি সেমিফাইনালে খেলবে এই প্রতিযোগিতায়। শেষ চারে তাদের সঙ্গী হবে সেরা রানার্সআপ দল।
টানা দ্বিতীয় হারে বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাওয়া সকার ক্লাবের বিপক্ষে মোহামেডানের জয়ের নায়ক ঘানার স্ট্রাইকার ওসই মরিসন। তিন গোলের দুটোই তার। অন্য গোলটি মিডফিল্ডার মারুফ আহমেদের।
৩১ মিনিটে মারুফই এগিয়ে দেন মোহামেডানকে। নাইজেরীয় মিডফিল্ডার উদে ড্যামিয়েনের ফ্রিকিক থেকে হেড করে মারুফের উদ্দেশে বল দেন মরিসন। মারুফের চমৎকার হেডে বল চলে যায় জালে (১-০)।
৫৪ মিনিটে সমতা ফেরায় সকার ক্লাব। প্রতিপক্ষের ডিফেন্ডার মিন্টু শেখের ভুলে বল পেয়ে ১-১ করেন ফেনীর দলটির স্ট্রাইকার আকবর হোসেন রিদন।
দ্বিতীয় বার এগিয়ে যাওয়ার জন্য ১৪ মিনিট অপেক্ষা করতে হয়েছে মোহামেডানকে। ৬৮ মিনিটে ফরোয়ার্ড সোহেল রানার বাড়ানো পাস ধরে বক্সে ঢুকে প্লেসিং শটে গোল করেন মরিসন (২-১)।
১০ মিনিট পর আবার গোল। সোহেল রানার ক্রস থেকে মরিসনের দারুণ হেড মোহামেডানের জয় নিশ্চিত করে দেয় (৩-১)।
