২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসাধারণ মেসি, অপ্রতিরোধ্য বার্সা

স্প্যানিশ লা লিগার শিরোপা পুনরুদ্ধারের পথে আরেক ধাপ এগিয়েছে বার্সেলোনা। রোববার রাতে রায়ো ভ্যালেকানোকে ৩-১ গোলে হারানোয় শীর্ষাসনে আরো সুসংহত তারা। তিন গোলের দুটোই লিওনেল মেসির, অন্যটি করেছেন ডেভিড ভিয়া।

রয়টার্স

.

রয়টার্স

Published : 18 Mar 2013, 10:04 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

গত ১২ মার্চ ঘরের মাঠে মেসির দুর্দান্ত নৈপুণ্যে এসি মিলানকে ৪-০ গোলে উড়িয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বার্সা। রোববার সেই নিউ ক্যাম্পে আবার জ্বলে উঠলেন টানা চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলার।

মেসির একটি চমৎকার ফ্রিকিক ক্রসবারে বাধা পেলেও স্বাগতিকদের সেই হতাশা দূর হয়ে যায় ২৫ মিনিটের সময়। মেসির পাস থেকেই গোল করে দলকে এগিয়ে দেন চোট কাটিয়ে মাঠে ফিরে ক্রমেই উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে ওঠা ভিয়া।

পরের গোল দুটোও এই দুজনের সমন্বয়ে। ৪০ মিনিটে ভিয়ার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ৫৭ মিনিটে ভিয়ার বাড়ানো বল ধরেই ‘মার্কার’কে এড়িয়ে লব করে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠিয়ে দেন আর্জেন্টাইন তারকা।

এ নিয়ে লা লিগায় টানা ১৮ ম্যাচে গোল করলেন মেসি। ৪২ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা তো বটেই, গত মৌসুমে নিজের গড়া ৫০ গোলের রেকর্ড ভেঙ্গে দেয়ার সম্ভাবনাও আরো উজ্জ্বল তার। কারণ বার্সার হাতে আছে ১০টি ম্যাচ।

নিজের আরেকটি রেকর্ডও ভেঙ্গে দিতে পারেন মেসি। গত মৌসুমের ৭৩ গোল থেকে তিনি এখন ১৮ গোল পেছনে।

তিন গোলে এগিয়ে যাওয়ার জন্য কিছুটা গা-ছাড়া ভাব চলে আসে বার্সার। সেই সুযোগে ৭০ মিনিটে একটি গোল ফিরিয়ে দেন রাউল তামুদো।

শেষ দিকে মেসিও অবশ্য একাধিক সুযোগ পেয়েছিলেন। কিন্তু হ্যাটট্রিক আর হয়নি।

সহজ জয়ে তৃপ্ত বার্সাকে একটা দুঃসংবাদও পেতে হয়েছে। প্রথমার্ধে পায়ের পেশির চোটে পড়া ডিফেন্ডার আদ্রিয়ানো কোরেইয়াকে প্রায় ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

২৮ ম্যাচ থেকে বার্সার সংগ্রহ ৭৪ পয়েন্ট। ১৩ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। রোববার ওসাসুনার মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফেরা অ্যাতলেতিকো মাদ্রিদ ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে।