৫২ রানে এগিয়ে বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে তৃতীয় দিন শেষে ৫২ রানে এগিয়ে বাংলাদেশ। ১০৬ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৫৮ রান করেছে অতিথিরা।
মমিনুল হক ৩৬ ও অধিনাক মুশফিকুর রহিম ৭ রানে ব্যাট করছেন।
তামিম ইকবালের সঙ্গে জহুরুল ইসলামের ৯১ রানের উদ্বোধনী জুটি বাংলাদেশকে ভালো সূচনা এনে দেয়। দ্বাদশ অর্ধশতকে পৌঁছানো তামিমকে বোল্ড করে ৩৫ ওভার ২ বল স্থায়ী জুটি ভাঙ্গেন সামিন্দা এরাঙ্গা।
প্রথম ইনিংসে রান আউট হওয়া আশরাফুল ব্যর্থ দ্বিতীয় ইনিংসে। রঙ্গনা হেরাথের বল ঠিকভাবে খেলতে না পেরে বোল্ড হওয়ার মাত্র ৪ রান করেন তিনি।
বাঁহাতি ব্যাটসম্যান মমিনুল হকের সঙ্গে জহুরুলের ৪৭ রানের আরেকটি ভালো জুটি দলকে ২ উইকেটেই দিন শেষের স্বপ্ন দেখাচ্ছিল। নিজের প্রথম অর্ধশতক থেকে মাত্র ২ রানে দূরে থাকা জহুরুল হঠাৎ ধৈরর্য্য হারিয়ে এগিয়ে এসে মারতে গিয়ে স্ট্যাম্পিং হয়ে গেলে খেলার চিত্র পাল্টে যায়।
পরের বলেই সহ-অধিনায়ক মাহমুদুল্লাহকে বোল্ড করে বাংলাদেশকে বড় একটা ধাক্কা দেন হ্যাটট্রিকের সম্ভাবনা জাগানো হেরাথ। পরিস্থিতি আরো খারাপ হতে পারতো তার বলেই ব্যক্তিগত ৩০ রানে মিডঅফে নুয়ান কুলাসেকারার হাতে মমিনুল এবং মুশফিক ব্যক্তিগত ৭ রানে স্লিপে অ্যাঞ্জেলো ম্যাথিউসের হাতে জীবন না পেতেন।
৪৫ রানে ৩ উইকেট নিয়ে হেরাথ শ্রীলঙ্কার সেরা বোলার।
এর আগে সোমবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ৬ উইকেটে ২৯৪ রান নিয়ে খেলা শুরু করে শ্রীলঙ্কা। ৫২ রান যোগ করেই দিনের প্রথম সেশন পেরুনোর আগেই শেষ ৪ উইকেট হারিয়ে ৩৪৬ রানে অলআউট হয়ে যায় তারা।
দিনের সপ্তম ওভারে অতিথিদের প্রথম সাফল্য এনে দেন পেসার আবুল হাসান। অফস্ট্যাম্পের অনেক বাইরের বল ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে ধরা পড়ে সাজঘরের পথ ধরেন কুমার সাঙ্গাকারা (১৩৯)। তার ২৮৯ বলের ইনিংসে ১১টি চার।
১৫ বল পর রঙ্গনা হেরাথের বিদায়ে লিড একশ রানের নিচে রাখার স্বপ্ন উজ্জল হয় অতিথিদের। বাঁহাতি স্পিনার হেরাথকে বোল্ড করে দলকে দিনের দ্বিতীয় সাফল্য এনে দেন অফস্পিনার সোহাগ গাজী।
অতিথিদের হতাশ করে নুয়ান কুলাসেকারা ও সামিন্দা এরাঙ্গার সৌজন্যে একশ পেরুয় শ্রীলঙ্কার লিড। কুলাসেকারাকে মুশফিকের পঞ্চম ক্যাচে পরিণত করে তাদের ২৩ রানের ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ জুটি ভাঙ্গেন সোহাগ। টেস্টে এটি মুশফিকের দ্বিতীয় পাঁচ ডিসমিসাল।
পরের ওভারে মাহমুদুল্লাহ রিয়াদের বল লংঅনের ওপর দিয়ে সীমানা ছাড়া করতে গিয়ে মোহাম্মদ আশরাফুলের ক্যাচে পরিণত হয়ে এরাঙ্গা বিদায় নিলে সাড়ে তিনশ পেরুনোর আগেই থেমে যায় স্বাগতিকদের ইনিংস।
বাংলাদেশের পক্ষে সোহাগ ৩ উইকেট নেন ১১১ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২৪০ ও ১৫৮/৪ (তামিম ৫৯, জহুরুল ৪৮, আশরাফুল ৪, মমিনুল ৩৬*, মাহমুদুল্লাহ ০, মুশফিক ৭*; হেরাথ ৩/৪৫, এরাঙ্গা ১/১৭)
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৩৪৬ (করুনারত্নে ১৭, দিলশান ০, সাঙ্গাকারা ১৩৯, থিরিমান্নে ০, ম্যাথিউস ১৬, চান্দিমাল ১০২, ভিথানাগে ১২, কুলাসেকারা ২২, হেরাথ ৩, এরাঙ্গা ১৫, লাকমাল ০*; সোহাগ ৩/১১১, রুবেল ২/৪৫, রবিউল ২/৫২, হাসান ২/৮০, মাহমুদুল্লাহ ১/৩৭)
