২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুবার পিছিয়ে পড়েও রিয়ালের বড় জয়

স্প্যানিশ লা লিগায় মায়োর্কার বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে ৫-২ গোলে জিতে দ্বিতীয় স্থান ধরে রেখেছে গতবারের চ্যাম্পিয়নরা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 17 Mar 2013, 12:18 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

২৮ ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ ৬১ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭১। বার্সার সমান ২৭ ম্যাচ খেলা অ্যাতলেতিকো মাদ্রিদ ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।  

সান্তিয়াগো বার্নাবাউতে ষষ্ঠ মিনিটে এমিলিও এনসুয়ে লোপেজের গোলে পিছিয়ে পড়া রিয়ালকে ১৫ মিনিটের সময় সমতায় ফেরান গঞ্জালো হিগুয়াইন। কিন্তু তার ৬ মিনিট পর আবার মায়োর্কাকে এগিয়ে দেন আলেহান্দ্রো আলফারো।

বিরতির পর্যন্ত এই অগ্রগামিতা ধরে রাখে অতিথিরা। তবে বিরতির পর রিয়ালের আক্রমণের তোড়ে ভেসে যায় তাদের সব প্রতিরোধ।

৫২ থেকে ৫৭ মিনিটের মধ্যে তিন গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো, লুকা মদ্রিচ ও হিগুয়াইন। বাড়তি সময়ে শেষ গোলটি করিম বেনজেমার।

শনিবার রাতের অন্যান্য ম্যাচে রিয়াল সোসিয়েদাদ ৪-১ গোলে রিয়াল ভ্যালাদোলিদকে, ভ্যালেন্সিয়া ৩-০ গোলে রিয়াল বেটিসকে এবং গেটাফে ১-০ গোলে অ্যাথলেতিক বিলবাওকে হারিয়েছে।