বাফুফেকে কাতারের সহযোগিতার আশ্বাস
কাতার ফুটবল ফেডারেশনের (কিউএফএ) প্রতিনিধি দলের ২৪ ঘণ্টার জন্য থাকার কথা ছিল। কিন্তু শুক্রবার দুপুরে এসে সন্ধ্যায়ই ঢাকা ছেড়ে চলে গেছে ১০ সদস্যের দলটি। যাওয়ার আগে বাংলাদেশের ফুটবল উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন কাতারের ফুটবল কর্মকর্তারা।
বিনিময়ে কিউএফএ সভাপতি হামাদ খলিফা আল থানির নেতৃত্বাধীন দলটি ফিফা নির্বাচনে বাংলাদেশের সমর্থন চেয়েছে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থায় এশীয় কোটায় নির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন ২০২২ কাতার বিশ্বকাপ আয়োজক কমিটির অর্থ শাখার প্রধান হাসান আল থাওয়াদি।
কাতার কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, “তারা সম্পর্ক উন্নয়নের জন্য এই সফরে এসেছেন। চার সপ্তাহ আগে আমি কাতার সফর করি। সেখানে ফুটবল উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে কাতারের ফুটবল কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়।”
“এই সফর ফিফা নির্বাচনকে কেন্দ্র করে হলেও ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে সহযোগী হবে কাতার,” যোগ করেন তিনি।
বাফুফে সভাপতি আরো বলেন, “আমাদের মধ্যে চার/পাঁচটি বিষয়ে আলোচনা হয়েছে। সবচেয়ে গুরুত্ব পেয়েছে বাফুফে অ্যাকাডেমি। বিভিন্ন বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন কিউএফএ প্রতিনিধি দলের সদস্যরা।”
সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিনিধি দলটি জানায়, সালাউদ্দিন এবং বাফুফে কর্মকর্তাদের সঙ্গে এশিয়ার ফুটবল উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের ফুটবলের উন্নয়নে যতটা সম্ভব কারিগরী এবং আর্থিক সহযোগিতার আশ্বাস দেন তারা।
