২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ফেদেরারকে হারালেন নাদাল

দীর্ঘ ৭ মাসের ‘নির্বাসন’ রাফায়েল নাদালের র‌্যাকেটের ধার কমাতে পারেনি একটুও। ফেরার পর দুটো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও একটিতে রানারআপ ‘রাফা’ এবার দারুণ এক জয়ের আনন্দে উদ্ভাসিত। শুক্রবার সর্বকালের সফলতম টেনিস খেলোয়াড় রজার ফেদেরারকে হারিয়ে ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ান ওয়েলসে অনুষ্ঠানরত বিএনপি পারিবাস ওপেনের সেমিফাইনালে উঠেছেন তিনি। ১ ঘন্টা ১৪ মিনিটের লড়াইয়ের ফলাফল ৬-৪, ৬-২।

রয়টার্স

.

রয়টার্স

Published : 15 Mar 2013, 01:09 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

গত মাসে কোর্টে ফেরার পর চিলির ভিটিআর ওপেনের ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেননি। তবে ব্রাজিল ওপেন ও মেক্সিকান ওপেনে চ্যাম্পিয়ন হয়ে নাদাল জানিয়ে দেন, ফ্রেঞ্চ ওপেনের শিরোপা ধরে রাখতে তিনি প্রস্তুত।

ঐ তিনটি প্রতিযোগিতাই অবশ্য তার প্রিয় ক্লে কোর্টে হয়েছিল। দীর্ঘ বিরতি শেষে হার্ড কোর্টের বিএনপি পারিবাস ওপেনে কতটা সাফল্য পাবেন, তা নিয়ে তাই কিছুটা হলেও সংশয় ছিলই।

তবে সব সংশয় উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরারকে বলতে গেলে দাঁড়াতেই দেননি এটিপি র‌্যাঙ্কিংয়ে ৫ নম্বরে নেমে যাওয়া নাদাল।

রেকর্ড ৭টি ফ্রেঞ্চ ওপেন সহ ১১টি গ্র্যান্ড স্লাম জয়ী নাদাল চার বার প্রতিপক্ষের সার্ভিস ‘ব্রেক’ করেছেন। ফেদেরারের ‘ব্রেক’ করার কৃতিত্ব মাত্র একবার।


চোট কাটিয়ে ফেরার পর প্রথম কোনো হার্ড কোর্টের টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠা, তা-ও আবার ফেদেরারের মতো মহাশক্তিধর প্রতিপক্ষকে হারিয়ে। নাদাল তাই আনন্দে আত্মহারা।

খেলা শেষে তিনি বলেন, “এখানে সেমিফাইনালে উঠতে পেরে আমি খুবই খুশি। যদিও আমার মনে হয় না রজার (ফেদেরার) আজ শতভাগ সুস্থ ছিল। তবে টেনিস ইতিহাসের সেরা খেলোয়াড় রজারের বিপক্ষে খেলাটা সবসময়ই বিশেষ কিছু। আমরা মুখোমুখি হওয়া মানেই একটা ‘ক্লাসিক’ ম্যাচের জন্ম হওয়া।”

ফেদেরার অবশ্য ফিটনেস সমস্যাকে হারের অজুহাত হিসাবে দাঁড় করাননি। তিনি বলেন, “হেরে গেলেও লড়াই করতে পেরে আমি খুশি। এটা ঠিক যে খানিকটা চোট সমস্যা ছিল। তবে আমি তার (নাদালের) পারফরম্যান্সকে খাটো করে দেখতে চাই না।”