হেরেও কোয়ার্টার ফাইনালে বায়ার্ন
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগে বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়েও লাভ হয়নি আর্সেনালের। দুই লেগ মিলিয়ে ফলাফল ৩-৩ হলেও প্রতিপক্ষের মাঠে গোল করার নিয়ম কোয়ার্টার ফাইনালে নিয়ে গেছে বায়ার্নকে।
আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম লেগে টুর্নামেন্টের গতবারের রানার্সআপ বায়ার্ন ৩-১ গোলে জিতেছিল।
শেষ আটে উঠেছে মালাগাও। প্রথম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাওয়া স্পেনের দলটি ঘরের মাঠে ২-০ গোলে পর্তুগালের পোর্তোকে হারিয়েছে। প্রথম লেগে পোর্তো ১-০ গোলে জিতেছিল।
কোয়ার্টার ফাইনালের বাকি ৬ দল রিয়াল মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড, প্যারিস সেন্ট জার্মেই, জুভেন্টাস, গ্যালাতাসারাই ও বার্সেলোনা। শুক্রবার সুইজারল্যান্ডের নিয়নে কোয়ার্টার ফাইনালের ড্র হবে।
বায়ার্নের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় তৃতীয় মিনিটেই ফরাসী স্ট্রাইকার অলিভার জিরুদের দুর্দান্ত গোলে এগিয়ে যায় আর্সেনাল। শুরু থেকেই নিষ্প্রভ বায়ার্ন সমতা ফেরানোর তেমন সুযোগই পায়নি। বরং ৮৫ মিনিটে লরেন্ত কোসিয়েলনির গোলে দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ পড়ার শঙ্কায় পড়ে যায় জার্মানির সবচেয়ে সফল ক্লাবটি।
তবে আর্সেনাল আর গোল না পাওয়ায় ১৯৯৫-৯৬ মৌসুমের পর এই প্রথম ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কোনো প্রতিনিধি নেই।
অন্য ম্যাচে রোসালেদা স্টেডিয়ামে ৪৩ মিনিটে প্লেমেকার ইসকোর গোলে এগিয়ে যায় মালাগা। ৭৭ মিনিটের সময় স্বাগতিকদের জয় নিশ্চিত করেন প্যারাগুয়ের স্ট্রাইকার রকে সান্তা ক্রুজ।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে বেলজিয়ান মিডফিল্ডার স্টিভেন ডেফুরের দ্বিতীয় হলুদ কার্ড দশ জনের দলে পরিণত করে অতিথি পোর্তোকে।
