ভলিবল লিগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চ্যাম্পিয়ন
প্রিমিয়ার ভলিবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ক্লাব। বুধবার লিগের শেষ ম্যাচে তিতাস ক্লাবকে ৩-১ সেটে হারানোয় তাদের শিরোপা জয় নিশ্চিত হয়ে যায়।
২৭ পয়েন্ট পাওয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তিন পয়েন্ট পেছনে থেকে রানার্সআপ হয়েছে তিতাস ক্লাব।
লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিতাস ক্লাবের রাজেশ চক্রবর্তী। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মনির হোসেন সেরা অ্যাটাকার, আর ওয়ারী ক্লাবের জসি সেরা ডিফেন্ডার।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লিগের স্পন্সর ন্যাশনাল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বদিউল আলম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি গোলাম কুদ্দুস চৌধুরী বাবু।
