বাংলাদেশ গেমসে ফুটবলের বড় আয়োজন
অষ্টম বাংলাদেশ গেমসে সবগুলো জেলাকে অংশগ্রহণের সুযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর সঙ্গে সার্ভিসেস দল এবং বিশ্ববিদ্যালয়গুলোকেও আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাছাই পর্ব পেরিয়ে প্রত্যেক বিভাগ থেকে একটি করে অর্থাৎ ৭টি বিভাগের সেরা ৭টি দল চূড়ান্ত পর্বে খেলবে। সার্ভিসেস অঞ্চল থেকে সুযোগ পাবে আরেকটি দল।
এই ৮টি দল ঢাকায় অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে পদকের লড়াইয়ে অংশ নেবে।
বাংলাদেশ গেমসের ফুটবল আয়োজনের জন্য বাফুফে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কাছে ৯০ লাখ টাকা অনুদানের অনুরোধ জানিয়েছে। বিওএ অবশ্য এখনো এই অনুরোধে সাড়া দেয়নি।
টাকার নিশ্চয়তা পেলেই বাফুফে বাছাই পর্ব শুরু করার সিদ্ধান্ত নেবে। কয়েক দিনের মধ্যেই প্রত্যেক জেলা এবং সার্ভিসেস দলের কাছে তাদের চিঠি পাঠানো শুরু করার কথা।
আগামী ২০ থেকে ২৮ এপ্রিল অনুষ্ঠেয় বাংলাদেশ গেমসে ৩১টি খেলায় প্রায় সাড়ে ৭ হাজার ক্রীড়াবিদের অংশ নেয়ার কথা।
বাংলাদেশ গেমস সর্বশেষ হয়েছিল ১০ বছর আগে, ২০০৩ সালে।
