চতুর্থ রাউন্ডে ফেদেরার, নাদাল
বিএনপি পারিবাস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন রজার ফেদেরার ও রাফায়েল নাদাল।
তৃতীয় রাউন্ডে ক্রোয়েশিয়ার আইভান দোদিজকে সহজেই ৬-৩, ৬-১ গেমে হারিয়েছেন রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরার।
নাদালকে কোর্টেই নামতে হয়নি। পিঠের চোটের কারণে আর্জেন্টিনার লিওনার্দো মেইয়ার সরে দাঁড়ালে ওয়াক ওভার পেয়ে পরবর্তী রাউন্ডে উঠে যান রেকর্ড ৭টি ফ্রেঞ্চ ওপেন সহ ১১টি গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন নাদাল।
ফেদেরার ও নাদাল চতুর্থ রাউন্ডে ওঠায় কোয়ার্টার ফাইনালে দুই তারকার মুখোমুখি হওয়ার উজ্জ্বল সম্ভাবনা। এই প্রতিযোগিতার গত আসরের সেমিফাইনালে ফেদেরার ৬-৩, ৬-৪ গেমে নাদালকে হারিয়েছিলেন।
মেয়েদের বিভাগে চতুর্থ রাউন্ডে উঠেছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় ভিক্টোরিয়া আজারেঙ্কা, অ্যাঞ্জেলিক কেরবার, ক্যারোলিন ওজনিয়াকি ও সামান্থা স্টোসার।
